২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার শরণার্থী শিবির বন্ধ করবে পাপুয়া নিউ গিনি

মানুস দ্বীপে অস্ট্রেলিয়ার  শরণার্থী আটক কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 08:23 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

অস্ট্রেলিয়া তাদের অফশোর প্রসেসিং পলিসির অধীনে অবৈধভাবে আসা আশ্রয়প্রার্থীদের মূল ভূখণ্ডে প্রবেশ করতে না দিয়ে পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের মানুস দ্বীপের ডিটেনশন সেন্টারে রাখে।

এভাবে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাদের আটকে রাখা সংবিধান পরিপন্থি বলে মঙ্গলবার রায় দিয়েছে পাপুয়া নিউ গিনির সুপ্রিম কোর্ট।

রায়ের পরপর ও’নিল বলেন, “ডিটেনশন সেন্টারে যেসব আশ্রয়প্রার্থী রয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে শিগগিরই পাপুয়া নিউ গিনি সরকার অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলবে।”

“সেখানে যারা বৈধ শরণার্থী রয়েছে তারা যদি আমাদের সমাজের অংশ হতে চায় এবং ভূমিকা রাখতে চায় তবে পাপুয়া নিউ গিনিতে বসবাসের জন্য তাদের স্বাগতম। কিন্তু এটি খুব পরিষ্কার যে শরণার্থীদের বেশির ভাগই আমাদের দেশে স্থায়ী হতে চায় না।”

এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, আশ্রয়প্রার্থীদের দায় পাপুয়া নিউ গিনির।

“আসলে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা তাদের সঙ্গে কাজ করব এবং তাদের সাহায্য করব। কিন্তু এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পাপুয়া নিউ গিনি সরকারকে কি সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া যায় তা নিয়ে আমরা কাজ শুরু করেছি।”

“তাই আমি আজই এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও পরিকল্পনার কথা আপনাদের জানাতে পারছি না।”

বর্তমানে মানুস দ্বীপের ডিটেনশন সেন্টারে প্রায় ৮৫০ জন পুরুষকে আটকে রাখা হয়েছে। যাদের মধ্যে অর্ধেককে প্রকৃত শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়।

নাউরু ও ক্রিস্টমাস আইল্যান্ডেও অস্ট্রেলিয়ার এ ধরনের ডিটেনশন সেন্টার রয়েছে।