২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক মাসের জন্য নীরব হবে বিগ বেন

সময়ের হিসাব বিরামহীনভাবে জানান দিতে দিতে পরিশ্রান্ত হয়ে পড়েছে লন্ডনের ঐতিহ্যবাহী ঘড়ি বিগ বেন। আর সেকারণেই সংস্কারের জন্য ২০১৭ সালের প্রথম দিকে কয়েক মাসের জন্য থেমে যাবে এই বিখ্যাত সময়যন্ত্রটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 12:41 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

বিবিসি বলছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কার কাজের জন্য আগামী বছরের জানুয়ারি থেকে কয়েক মাসের জন্য এটি বন্ধ রাখতে হবে।

ক্লক টাওয়ারের ঢালাই করা ছাদে মরিচা জমেছে আর এর সিমেন্টের কাঠামোতেও ফাটল দেখা দেওয়ায় সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে।

চার কোটি পাউন্ডের বেশি খরচ হবে বিগ বেন সংস্কারে। এই ক্লক টাওয়ারের কাঁচের খণ্ডগুলোও পরিবর্তন করা প্রয়োজন।

এটি সর্বশেষ ৩১ বছর আগে সংস্কার করা হয়েছিল। এরআগে ১৯৭৬ সালে ঘড়িটি ২৬ দিনের জন্য বন্ধ ছিল।

ব্রিটিশ পার্লামেন্টের একজন মুখাপাত্র জানিয়েছেন, সংস্কার চলাকালীন বিগ বেনে বিখ্যাত ঘণ্টাধ্বনি শোনা যাবে না।

ব্রিটিশ পার্লামেন্ট ঘেঁষে দাঁড়িয়ে থাকা ক্লক টাওয়ারের যে ঘণ্টা তার ওজন সাড়ে ১৩ টন। এই বিশাল ঘণ্টাটিকেই বোঝানো হতো বিগ বেন।

কিন্তু কালক্রমে এখন পুরো ক্লক বা ঘড়ি টাওয়ারটিকেই বিগ বেন বোঝানো হয়।

লন্ডনের গর্বের প্রতীকরূপে ১৮৫৮ সালে বিগ বেনকে  স্থাপন করা হয়। এটির নকশা করেন এডমুন্ড বেকেট ডেনিসন।

১৮৫৯ সালের ৩১ মে থেকে এটি সময় গণনা শুরু করে।

২০১২ সালে রানি এলিজাবেথের হীরকজয়ন্তী উপলক্ষ্যে এর নামকরণ করা হয় এলিজাবেথ টাওয়ার। এটি যুক্তরাজ্যের ঐতিহ্যেরও প্রতীক বহন করছে।

বিগ বেনের টাওয়ারে প্রায় ৩৩৪ টি সিঁড়ি রয়েছে। লিফট রয়েছে। ৩১৫ ফুট উচ্চতার এই টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান।

লন্ডন সফরে গিয়ে কেউ বিগ বেন দেখেননি- এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।