২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ প্রাইমারিতে ট্রাম্পের মুখোমুখি ক্রুজ-কাসিচ জোট

যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যের প্রাইমারিতে রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ ও জন কাসিচের যৌথ উদ্যোগের মুখোমুখি হচ্ছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্য পেনসালভানিয়া, কনেটিকাট, রোড আইল্যান্ড, ডেলাওয়্যার ও মেরিল্যান্ডে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন ভোটাভুটি (প্রাইমারি) অনুষ্ঠিত হবে।

এর সবগুলোতেই ট্রাম্প জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। এই পাঁচটি রাজ্যে মোট ১৭২টি ডেলিগেট ভোট আছে। এর সবগুলোই ট্রাম্পের ঝুলিতে যাবে বলে মনে করা হচ্ছে।

এই ভোটাভুটির আগের দিন ট্রাম্পকে ঠেকাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রুজ ও কাসিচ সমঝোতা করে অঙ্গরাজ্যের নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার চুক্তি করেন। এ কারণে দুই প্রতিদ্বন্দ্বীর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে একজন মনোনয়ন প্রত্যাশীকে ১,২৩৭ ডেলগেট ভোট পেতে হয়। কোনো মনোনয়ন প্রত্যাশী এই সংখ্যক ডেলিগেট সমর্থন পেলে সরাসরি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন।

কিন্তু কোনো মনোনয়ন প্রত্যাশী অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিগুলো থেকে পর্যাপ্ত ডেলিগেট সমর্থন না পেলে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করা হয়। যা সাধারণত জুলাইতে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত খবর অনুযায়ী প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প ৮৪৫ ডেলিগেট সমর্থন নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। অপরদিকে ক্রুজ ৫৫৯ ও কাসিচ ১৪৭ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। 

Image
রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ (বায়ে) ও জন কাসিচ। ছবি: রয়টার্স

রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ (বায়ে) ও জন কাসিচ। ছবি: রয়টার্স

জুলাইয়ে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের আগে ট্রাম্পকে কাঙ্ক্ষিত ১,২৩৭ ডেলিগেট ভোট পাওয়া থেকে বিরত রাখতে চান ক্রুজ ও কাসিচ। এই লক্ষ্যে যেসব অঙ্গরাজ্যে কাসিচের চেয়ে ক্রুজের সম্ভাবনা বেশি, সেসব অঙ্গরাজ্য ক্রুজকে ছেড়ে দেওয়ার ও যেখানে কাসিচের সম্ভাবনা সেখানে কাসিচকে ছেড়ে দেওয়ার বিষয়ে দুই প্রার্থী চুক্তিবদ্ধ হয়েছেন।

‘স্টপ-ট্রাম্প’ নামের এই চুক্তিটি করার জন্য রিপাবলিকান দলীয় কৌশলবিদরা কয়েক সপ্তাহ আগেই ক্রুজ-কাসিচকে পরামর্শ দিয়েছিলেন। কারণ দলটির জ্যেষ্ঠ নেতারা ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাতে ধারণা করা হচ্ছে সরাসরি ভোটে মনোনয়ন জিততে না পারলে ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হতে পারবেন না।

দলটির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা থাকবে দলের জ্যেষ্ঠ নেতাদের হাতে। আর তারা ট্রাম্পকে মনোনয়ন দেবেন না বলেই ধারণা করা হচ্ছে।

তাই ক্রুজ ও কাসিচ চেষ্টা করছেন দলের সম্মেলনের আগে ট্রাম্প যেন কিছুতেই প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন যোগাড় করতে না পারেন। তা সম্ভব হলে ক্রুজ বা কাসিচের মধ্যে একজনকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে রিপাবলিকান জ্যেষ্ঠ নেতারা বেছে নেবেন এমন সম্ভাবনাই বেশি।