২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ নাগাদ ম্যালেরিয়ামুক্ত হবে আফ্রিকার ৬ দেশ

২০২০ সাল নাগাদ আফ্রিকার ছয়টি দেশ ম্যালেরিয়া মুক্ত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 09:32 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

আফ্রিকা মহাদেশেই ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সোমবার ডব্লিউএইচও-র এই প্রতিবেদন প্রকাশ পায়।

ম্যালেরিয়ার বিরুদ্ধে ডব্লিউএইচও’র ২০১৬-২০৩০ প্রকল্পের বিভিন্ন লক্ষ্যগুলোর মধ্যে একটি হল এ দশকের মধ্যে অন্তত ১০টি দেশ ম্যালেরিয়া মুক্ত করা।

জেনেভা ভিত্তিক সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ডব্লিউএইচও হিসাব করে দেখেছে এ সময়ের মধ্যে অন্তত ২৪টি দেশ ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব, যেগুলোর মধ্যে আফ্রিকা অঞ্চলের ছয়টি দেশও রয়েছে। আফ্রিকা মহাদেশেই ম্যালেরিয়ার বিস্তার সবচেয়ে বেশি।”

আফ্রিকার ওই ছয়টি দেশ হল: আলজেরিয়া, বতসোয়ানা, কেপ ভার্দে, কমোরোস, দক্ষিণ আফ্রিকা এবং সোয়াজিল্যান্ড।

অন্য যে দেশগুলো ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব সেগুলো হলো: চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, একুয়েডর, শুরিনাম, সৌদি আরব, ইরান, ওমান, শ্রীলঙ্কা, ভূটান, তিমুর ও নেপাল।

এ মাসের শুরুতে প্রকাশিত ডব্লিউএইচও’র অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে ইউরোপ, মধ্য এশিয়া ও ককেসাস অঞ্চলের দেশগুলো থেকে ম্যালেরিয়া নির্মূল হয়েছে।

ডব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সারা বিশ্বে ২১ কোটি ৪০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৪ লাখ ৩৮ হাজার জনের মৃত্যু হয়েছে।

নিহত ১০ জনের মধ্যে নয়জনই সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর বাসিন্দা ছিল।