২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মার্কিন সিনেটরের সমলিঙ্গ বিয়ে

যুক্তরাষ্ট্রের একজন সাবেক সিনেটর চলতি সপ্তায় পুনর্বার বিয়ে করতে যাচ্ছেন। তবে এবার তিনি নারী নয় বিয়ে করতে যাচ্ছেন সমলিঙ্গের একজনকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 03:38 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

বিবিসি বলছে, ৯০ বছর বয়সী হ্যারিস অফোর্ড নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগে একটি প্রবন্ধ লিখেন। তাতে তিনি সমলিঙ্গের বিয়ের প্রতি তার জোর সমর্থন ব্যক্ত করেন।

তিনি বলেন, তিনি এমন এক সময়ে বেঁচে আছেন যখন এই পদ্ধতির ফলে বিয়ে আরো ‘শক্তিশালী’ হয়েছে। আর এজন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

অফোর্ড বলেন, তার জীবন ‘দুটি বিশাল প্রেমের গল্প’। একটি গল্প তার স্ত্রী ক্লেয়ারের সঙ্গে যিনি ১৯৯৬ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। আর অপর গল্পটি ৪০ বছর বয়সী ম্যাথু চার্লটনের সঙ্গে।

স্ত্রী ক্লেয়ারের মৃত্যুর পাঁচ বছর পর চার্লটনের সঙ্গে পরিচয় হয় অফোর্ডের।

নিজের লেখা প্রবন্ধে তিনি বলেন, “আমি যাদের ভালোবাসি তাদের ক্ষেত্রে লৈঙ্গিক বিভাজন করি না। আমি অর্ধশত বছর একজন অসামান্য নারীর সঙ্গে বিবাহিত জীবন কাটিয়েছি এবং এখন দ্বিতীয়বারের মতো সুখের সন্ধান পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।”

২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে রাজ্যগুলোর পৃথক আইন বাতিল করে দেশজুড়ে সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করে।

অফোর্ডের রাজনৈতিক জীবনে ক্লেয়ারের বেশ প্রভাব ছিল। বিবাহিত জীবনে এই দম্পতি তিন সন্তানের জন্ম দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সিনেটে ১৯৯১ ও ১৯৯৫ সালে পেনসালভানিয়ার প্রতিনিধিত্ব করেছেন ডেমক্রেট অফোর্ড।

অফোর্ড সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। পরবর্তী সময়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষেও কাজ করেছেন।