রানির প্রেম বিষয়ক চিঠি ১৪ হাজার পাউন্ডে বিক্রি
প্রিন্স ফিলিপের সঙ্গে প্রথম প্রেমে পড়া নিয়ে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা দুই পাতার একটি চিঠি নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৪৭ সালে ২১ বছর বয়সে এলিজাবেথ তার বিয়ের কয়েক মাস আগে লেখিকা বেটি শেউকে চিঠিটি লিখেছিলেন।
রাজকীয় বিয়ে নিয়ে একটি স্মারক গ্রন্থ লিখছিলেন লেখিকা শেউ । সে বইটি লেখার প্রয়োজনেই ওই সময় প্রিন্স ফিলিপের সঙ্গে প্রেমে জড়ানোর অনুভূতি বর্ণনা করে চিঠিটি লেখেন এলিজাবেথ।
রাজকীয় ক্রেস্টের ছবি খচিত সাদা রঙয়ের কাগজে কালি কলমে লেখা এ চিঠিতে এলিজাবেথ মাত্র ১৩ বছর বয়সে ফিলিপের সঙ্গে সাক্ষাৎ, ফটোগ্রাফারের ধাওয়ার মুখে ফিলিপের দ্রুতগতির স্পোর্টস কারে করে ভ্রমণ এবং লন্ডনের একটি নাইটক্লাবে নাচের বর্ণনা দিয়েছেন।
এনডিটিভি জানায়, নিলামে চিঠিটির দাম ৮০০ থেকে ১২০০ পাউন্ড উঠবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার চেয়ে প্রায় ১৮ গুন বেশি দামে চিঠিটি বিক্রি হয়েছে।
উইলশায়ারের নিলামকক্ষের সঞ্চালক রিচার্ড এডমন্ডস একে ‘চমৎকার ফল’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, “এরকম একটি গুরুত্বপূর্ণ দলিল বিক্রি করতে পারা সত্যিই সম্মানের, বিশেষ করে এমন সময় যখন দেশ রানির ৯০তম জন্মদিন উদযাপন করছে।”
অনলাইন ও আটটি ফোন লাইনের মাধ্যমে এ নিলাম অনুষ্ঠিত হয়। তবে চিঠিটি কে কিনেছেন তা জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।
চিঠিটিতে দ্রুতগতির গাড়ির প্রতি ফিলিপের ঝোঁক এবং নাইটক্লাবে ‘কাপল ড্যান্স’ এর প্রতি তার অনুরাগের কথা এলিজাবেথ বর্ণনা করেছেন। কেমন বিয়ের আংটি চান তা নিয়েও চিঠিতে নিজের মনের কথা লেখেন ওই সময়কার ভবিষ্যৎ রানি এলিজাবেথ।
১৯৪৭ সালের নভেম্বরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রিন্স ফিলিপের সঙ্গে এলিজাবেথের বিয়ে হয়। ১৯৫৩ সালের জুনে একই স্থানে রানি হিসেবে তার অভিষেক হয়।
