উত্তর কোরিয়া ‘পরমাণু পরীক্ষা বন্ধ করবে’
যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া বন্ধ করলে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং।
উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ভয় পায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
উত্তর কোরিয়াকে চাপে রখতে যুক্তরাষ্ট্র প্রতিবছর দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে সেখানে যৌথ সামরিক মহড়া চালায়।
এপি বার্তা সংস্থায় সু-ইয়ং বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া বন্ধ করলে আলোচনার দ্বার উন্মুক্ত হবে এবং ওই অঞ্চলে উত্তেজনা কমবে।
গত শনিবার সাবমেরিন থেকে উৎক্ষপণযোগ্য ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই পরীক্ষাকে ‘দারুণ সাফল্য’ বলে বর্ণনা করেছে দেশটির কর্তৃপক্ষ।
জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তারপর থেকে কোরিয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ং বলেন, “আমরা সংঘাতের পথে হাঁটতে থাকলে এর ফল হবে ভয়াবহ। শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য এটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে।”
“কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের মহড়া বন্ধ করুন, তাহলেই কেবল আমরা আমাদের পরমাণু অস্ত্রের পরীক্ষায় খান্ত দেব।”
পরমাণু অস্ত্র ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়ে উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আত্মরক্ষার অধিকারের কথা বলে দেশটি ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করছে।
