সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে: ওবামা ও জাতিসংঘ
সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত স্তাফান দে মিস্তুরা এই আশঙ্কা প্রকাশ করেন।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিরিয়ায় শান্তি আলোচনার অংশ হিসেবে দেশটির বিবাদমান পক্ষগুলো সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়।
কিন্তু জঙ্গি দমনের নামে সেখানে উভয়পক্ষ এখনও পরষ্পরকে আক্রমণ করছে।
সর্বশেষ আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, দামেস্কের কাছে সিরিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
জেনেভায় এ বিষয়ে কথা বলার সময় দে মিস্তুরা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়া প্রতিহত করতে তিনি আঞ্চলিক সম্মেলন আহ্বান করতে চান।
আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা প্রসঙ্গে তিনি বলেন, “ওই হামলা থেকে বোঝা যাচ্ছে সেখানে উদ্বেগজনক কিছু একটা ঘটেছে। আবারও যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে কার্যকর করতে আমাদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
যুক্তরাজ্য সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বলেন, সিরিয়ার যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে তিনি ভীষণভাবে উদ্বিগ্ন।
