২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল ভূমিকম্প: বছর ঘুরলেও স্বজনহারাদের বেদনা কমেনি একটুও

নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর বছর ঘুরলেও বিপর্যয়ের সেই দুঃসহ স্মৃতি ও স্বজন হারানোর বেদনার ক্ষত এতোটুকুও কমেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:45 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

এখনো চোখ বন্ধ করলেই সেই বিভীষিকা ও একান্ত স্বজনদের মুখগুলো সামনে ভেসে উঠলে যন্ত্রণায় শিহরে উঠেন অনেকে; কত রাত যে নির্ঘুম কাটছে তার হিসাব নেই।

গত বছর ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ রিখটার স্কেলের শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল; প্রাণ হারায় প্রায় নয় হাজার মানুষ। রাজধানী কাঠমাণ্ডু ও দ্বিতীয় বৃহত্তম শহর পোখরায় ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি।

এভারেস্ট পর্বতে সৃষ্ট তুষারধসে চাপা পড়ে প্রায় ২৮৫ জন পর্বতারোহী ও স্থানীয় অধিবাসীর মৃত্যু হয়। নিশ্চিহ্ন হয়ে যায় ছবির মত সুন্দর পাহাড়ি গ্রাম লাংটাং।

Image
নেপালে ভূমিকম্পের বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে নিহতদের স্মরণে শোকবার্তা লিখতে দেখা যাচ্ছে কয়েকজনকে। ২৩ এপ্রিল ২০১৬, রয়টার্স।

নেপালে ভূমিকম্পের বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে নিহতদের স্মরণে শোকবার্তা লিখতে দেখা যাচ্ছে কয়েকজনকে। ২৩ এপ্রিল ২০১৬, রয়টার্স।

ভূমিকম্পের প্রথম বর্ষপূর্তিতে সোমবার ওই গ্রামে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১১ টা ৫৬ মিনিটে ওই অনুষ্ঠানে নিহত প্রত্যেকের নাম পাঠ করা হবে।

এক বছর আগের সেই ভয়ঙ্কর বিপর্যয়ে স্ত্রী, ছেলে ও নাতিকে হারিয়েছেন ওই গ্রামের ধাওয়া শেরপা।

অশ্রুসজল চোখে তিনি বিবিসিকে বলেন, “এখন আমি একদম একা। চোখ বন্ধ করলেই ওদের মুখগুলো ভেসে উঠে, তখন খুব কষ্ট হয়। গত এক বছর আমি ঘুমাতে পারিনি।”

ভূমিকম্পে নিখোঁজ মায়ের খুঁজে এখনো উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় খালেদ ও ইয়াসমিন। বিধ্বংসী সেই কম্পনের আগে তাদের মা পাহাড়ের ঢাল কাজ করছিল।

Image
কাঠমান্ডুতে বেলুন উড়িয়ে নেপালে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।২৩ এপ্রিল ২০১৬, রয়টার্স।

কাঠমান্ডুতে বেলুন উড়িয়ে নেপালে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।২৩ এপ্রিল ২০১৬, রয়টার্স।

সেই ঘুরতে বা কাজে আসা অনেক বিদেশিও নেপালে ছিলেন। তাদের মধ্যে বেঁচে যাওয়া অনেকে বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন।   

এদেরই এক তুষারধসের মধ্যে পড়ে বেঁচে যাওয়া অস্ট্রেলীয় অ্যাথেনা জিলানদনি লাংটাংয়ের ওই অনুষ্ঠানে যোগ দিতে নেপালে এসেছেন।

২৬ বছর বয়সী এই চিত্রগ্রাহক রয়টার্সকে বলেন, “এখানে ফিরে না আসার কোনো প্রশ্নই আসে না।”

লাংটাং এলাকায় নিখোঁজ হন ৫৭ বছর বয়সী যোগব্যায়াম প্রশিক্ষক যুক্তরাষ্ট্রের ডন হবশ। তার স্মরণে এসেছেন র‌্যান্ডি হবশ।

স্থানীয় বাসিন্দা কার্তিক লামা জানান, এরই মধ্যে তিব্বতি ক্যালেন্ডারে ভূমিকম্পের দিনটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়েছে।

“আমাদের গ্রামের যেসব লোক বাইরে থাকতো তাদের প্রায় সবাই ফিরে এসেছে। গ্রামের বাড়ি ও হোটেল পুনরায় নির্মাণ করা হচ্ছে। লোকজন মাঠে কাজ করতে যাচ্ছে।

“আমরা চাই পর্যটকরা আবারও এখানে আসতে শুরু করুক।”