‘লিবিয়ার শহর থেকে আইএস বিতাড়িত’
লিবিয়ার পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর দেরনা থেকে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তাড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিদ্বন্দ্বী অপর একটি ইসলামপন্থি গোষ্ঠীর বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেরনা মুজাহিদিন সুরা কাউন্সিলের (ডিএমএসসি) মুখপাত্র হাফেত আল-দাবা বলেন, “সব আইএস দেরনা ছেড়ে গেছে। এখানে তাদের আর কোনো উপস্থিতি নেই।”
ডিএমএসসি-এর এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ডিএমএসসি স্থানীয় মিলিশিয়া বাহিনীর আম্রেলা গোষ্ঠী।
দেরনায় আইএস, ডিএমএসসি এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অনুগত বাহিনী এই তিন শক্তির ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করেছে দেরনা।
২০১৪ সাল থেকে লিবিয়ায় দুটি সরকার অবস্থান করছে। একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক আর অপরপি পূর্বাঞ্চলীয় শহর তবরুকভিত্তিক সরকার।
২০১১ সালে দেশটির একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সম্প্রতি জাতিসংঘ সমর্থিত একটি নতুন ঐ্ক্যমতের সরকার দেশটিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডিএমএসসি-এর মুখপাত্র দাবা বলেন, গেল ২৪ ঘণ্টার লড়াইয়ে ডিএমএসস’র পাঁচজন যোদ্ধা ও ছয়জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
দেরনার একজন অধিবাসী বলেন, “সবকিছু শান্ত আজ (বৃহস্পতিবার) এবং জীবন খুব স্বাভাবিক মনে হচ্ছে। তবে প্রকৃত সমস্যা হচ্ছে, ব্যাংকে কোনো অর্থ নেই।”
