মার্কিন সেনা উপদেষ্টাদের হত্যার স্বীকারোক্তি
২০১১ সালে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে দুই মার্কিন সেনা উপদেষ্টাকে হত্যার কথা স্বীকার করেছেন আফগানিস্তানের সাবেক এক পুলিশ কর্মকর্তা।
বিবিসি বলছে, আবদুল সাবুর নামের ওই সাবেক পুলিশ কর্মকর্তাকে চলতি সপ্তায় কাবুলের উত্তরাঞ্চলীয় সালাং-এ তার নিজের শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গণমাধ্যমের সামনে তাকে হাজির করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তার কোনো অনুশোচনা নেই। বরং তার কাজের জন্য তিনি গর্বিত।
তিনি বলেন, “এ জন্য যদি আমি মারাও যাই তবে তার পরোয়া করি না।”
তিনি বলেন, অফিসের পিস্তল দিয়ে তিনি খুব কাছ থেকে ওই উপদেষ্টাদের গুলি করেছিলেন।
ওই সময় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিত্র জোট বাহিনীর সদস্যদের গুলি করে হত্যা করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। এটিও ওই ঘটনাগুলোর একটি।
আবদুল সাবুর বলেন, মার্কিন সেনারা কোরানের বেশ কিছু কপি পুড়িয়ে দিয়েছেন, এ ধরনের খবর শুনে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন।
তিনি বলেন, “আমি যখন শুনতে পাই যে কোরানে আগুন দেওয়া হয়েছে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।”
তিনি আরো বলেন, “যখন থেকে যৌথবাহিনী আমার দেশে এসেছে তারা ভাল কী করেছে, আপনি কি তা আমাকে দেখাতে পারেন?”
মার্কিন সামরিক উপদেষ্টাদের গুলি করার পর সাবুর পালিয়ে যেতে সক্ষম হলেও মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি জানিয়েছেন।
