পাকিস্তানে উচ্চপদস্থ ৬ সামরিক কর্মকর্তা বরখাস্ত
পাকিস্তানে উচ্চপদস্থ অন্ততপক্ষে ছয় সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে একজন লেফটেনেন্ট জেনারেল ও একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
বিবিসি বলছে, দুর্নীতির অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ দুদিন আগে বলেছিলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে।
আর এরপরই উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনা ঘটল।
তবে দেশটির সেনা বাহিনীর একটি প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
তবে চাকরিচ্যুত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: রয়টার্স
পানামা পেপার্সে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের অফশোর সম্পদের বিস্তারিত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রীকে বিতর্কের মোকাবিলা করতে হচ্ছে।
সাধারণত পাকিস্তানের সেনাবাহিনীতে নৈতিকতার দোহাই দিয়ে এই ধরনের ঘটনা গোপন রাখা হয়। কিন্তু এবার তার ব্যক্তিক্রম হল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সচেতনভাবেই বিষয়টি প্রকাশ করা হয়েছে।
কবে সেনা কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
তবে পানামা পেপার্সে তার পরিবারের অফশোর সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যখন বৈধতার প্রশ্নে সমস্যার মোকাবিলা করছেন ঠিক তখনই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে বরখাস্তের খবরটি ফাঁস করা হল।
আর এ কারণেই বিষয়টি তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন এর গভীরে আরও অনেককিছু রয়েছে।
