২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীদের ধরতে এল সালভাদরের নয়া বাহিনী

এল সালভাদরের প্রত্যন্ত অঞ্চলে অপরাধীচক্রের সঙ্গে লড়াই করার জন্য দেশটির সরকার ভারী অস্ত্রে সজ্জিত নতুন একটি বাহিনী গঠন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 02:17 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বিবিসি বলছে, ১ হাজার সদস্যের এই বিশেষ বাহিনীকে হেলিকপ্টার, সাঁজোয়াযান এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে।

সরকারি বাহিনীর অভিযানের কারণে বিভিন্ন শহর ছেড়ে যাওয়া অপরাধচক্রের মূল হোতারাই হবে এই বাহিনীর লক্ষ্য।

এল সালভাদরে অপরাধচক্রের সঙ্গে জড়িত সদস্যের সংখ্যা প্রায় ৭০ হাজার। বিশ্বে খুনের হার সবচে বেশি যে দেশগুলোতে এল সালভাদর সেগুলোর অন্যতম। মূলত বিবদমান অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়েই বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটে থাকে।

আনুষ্ঠানিকভাবে নতুন বাহিনী নামানোর ঘোষণায় দেশটির ভাইস-প্রেসিডেন্ট অস্কার ওরতিজ বলেন, “গেল কয়েকবছর ধরে চলা প্রচুর রক্তক্ষয় এবং প্রাণ বিসর্জনের ঘটনা যা আমাদের দেশের অভ্যন্তরেই চাপিয়ে দেওয়া হয়েছে সেই সহিংসতা বন্ধের সময় এসেছে।”

তিনি আরো বলেন, “গ্রামে কিংবা শহরে যেখানেই থাকুক না কেন আমরা সেখানেই তাদের পাকড়াও করবো।”

এই অভিযানে মানবাধিকার সমুন্নত রাখা হবে বলেও যোগ করেন তিনি।