২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৮   

সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় জনাকীর্ণ একটি সব্জি বাজারে বিমান হামলায় ৩৮ জন ও পার্শ্ববর্তী একটি শহরে আরো ১০ জন নিহত হয়েছেন।      

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2016, 03:16 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

মঙ্গলবার চালানো এ বিমান হামলার পর দেশটির গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনার সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়াজুড়ে আংশিক অস্ত্রবিরতি চলছিল। সব্জি বাজারে চালানো বিমান হামলাটি অস্ত্রবিরতি চলাকালে সবচেয়ে প্রাণঘাতী একক হামলা বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণকারী গোষ্ঠী ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

উদ্ধাকারী একজন কর্মী জানিয়েছ্নে, যুদ্ধবিমানগুলো ইদলিবের দুটি শহরে একযোগে হামলা চালিয়েছে।

এতে মারাত আল নুমান শহরের ওই সব্জি বাজারে অন্ততপক্ষে ৩৮ জন এবং কাছের কাফর নুবল শহরে আরো ১০ জন নিহত হয়েছেন।  

সিরিয়ার বিরোধীদলগুলো অধিকৃত এলাকায় উদ্ধারকাজে নিয়োজিত ‘বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর’ সদস্য আহমদে শেখু বলেন, “হতাহতদের হাসপাতালে নিতে ২০টিরও বেশি গাড়ি ব্যবহার করছি আমরা।”

অস্ত্র বিরতি সত্বেও ওই এলাকায় সিরীয় বিমান বাহিনী ও রুশ বিমান বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এদের মধ্যে কারা ওই বিমান হামলা দুটি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

অপরদিকে দামেস্ক ও মস্কো জানিয়েছে, অস্ত্র বিরতির অন্তর্ভুক্ত নয় এমন কট্টর ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান অভিযান অব্যাহত রেখেছে তারা।

কিন্তু সিরিয়ার সরকারবিরোধীরা ওই দুটি পক্ষের এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, ব্যাপকভিত্তিক হামলা আড়াল করতেই সরকার ও রাশিয়া ইসলামিদের অজুহাত হিসেবে ব্যবহার করছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মারাত আল নুমানে ৩৭ জন ও কাফর নুবলে সাতজন নিহত হয়েছেন। আহতদের অবস্থা সঙ্কটজনক এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

পশ্চিমা সহায়তা পুষ্ট সিরিয়ার মধ্যপন্থি বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’-র কর্মকর্তা আহমেদ আল সৈয়দ জানিয়েছেন, মারাত আল নুমানে ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। 

অন্যান্য এলাকায় চলমান তীব্র লড়াইয়ের পাশাপাশি এই বিমান হামলার কারণে ছয় সপ্তাহ ধরে চলা নড়বড়ে অস্ত্রবিরতি আরো নাজুক হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ায় লড়াইরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে বাসানোর পথ প্রশস্ত করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতিটি শুরু হয়েছিল।

সোমবার আলোচনা থেকে সরে আসার কথা ঘোষণা করেছিল সিরিয়ার প্রধান বিরোধীদল এইচএনসি। বিমান হামলাকে অস্ত্রবিরতির ‘ভয়ানক লঙ্ঘণ’ বর্ণনা করে নিজেদের আগের সিদ্ধান্তের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে গোষ্ঠীটি।