নিউ ইয়র্কে হিলারি ও ট্রাম্পের জয়
রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক প্রাইমারিতে সহজ জয় পেয়ে মনোনয়ন পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। অপরদিকে রাজ্যটিতে জিতে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার অনেক কাছাকাছি পৌঁছে গেছেন হিলারি ক্লিনটন।
বিবিসি ও রয়টার্স বলছে, মঙ্গলবার রাজ্যটিতে রিপাবলিকান ও ডেমোক্রেট দলীয় মনোনয়ন দৌড়ের ভোটাভুটি (প্রাইমারি) অনুষ্ঠিত হয়।
নিউ ইয়র্ক শহরের ধনকুবের ট্রাম্প নিজ রাজ্যে জয় পাওয়ায় মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেট সমর্থন পাওয়ার দিকে আরও এগিয়ে গেলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ ইয়র্কের সাবেক সিনেটর হিলারি এ জয়ের ফলে প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বের্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে মনোনয়ন পাওয়ার দিকে অনেকদূর এগিয়ে গেলেন। এর আগে আটটি রাজ্যের ভোটাভুটির সাতটিতেই হিলারিকে হারিয়ে ছিলেন স্যান্ডার্স।
ডেমোক্রেট দলীয় মনোয়নয় পেতে মনোনয়ন প্রত্যাশীকে ২,৩৮৩ ডেলিগেটের সমর্থন পেতে হবে। এক্ষেত্রে ১৮৬২ ডেলিগেটের সমর্থন নিয়ে হিলারি ১১৬১ ডেলিগেটের সমর্থন পাওয়া স্যান্ডার্স থেকে অনেক এগিয়ে রয়েছেন।
রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
