২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক প্রাণহানির শঙ্কা

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া যাত্রীরা এই তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 12:42 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবিসি বলছে, নৌকাডুবি থেকে বেঁচে ফিরে আসা ৪১ জন যাত্রী জানিয়েছেন, সোমবার মধ্যরাতের দিকে একটি নৌকা থেকে অপর একটি নৌযানে তাদের সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

তাদের দাবি, পাঁচ শতাধিক মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। কিন্তু ওই অঞ্চলের কোস্টগার্ড প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

বেঁচে যাওয়ারা ইথিওপিয়া, সোমালিয়া, সুদান এবং মিশরের নাগরিক। তাদের উদ্ধার করার পর গ্রিসের কালামাতা শহরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তারা বিবিসিকে এসব তথ্য জানান।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৪০ জন অভিবাসন প্রত্যাশী নৌকায় করে লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন।

নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া ইথিওপিয়ার মুয়াজ বলেন, “আমার স্ত্রী এবং সন্তান চোখের সামনে ডুবে গেছে।”

তার আগে মুয়াজ ধারণা দিয়েছেন, অন্ততপক্ষে ৫শ’ জন ডুবে মারা গেছেন।

সোমালিয়ার আবদুল কাদির জানান, “আমরা ২৪০ জন লিবিয়া থেকে এসেছিলাম। পাচারকারীরা আমাদের প্রায় ৩০ মিটার দৈর্ঘে্যর কাঠের বড় নৌকায় নিয়ে তোলে যেখানে আগে থেকেই অন্ততপক্ষে আরও ৩০০ জন যাত্রী ছিলেন।”

মুয়াজ বলেন, “আমি সেই স্বল্প সংখ্যকদের একজন যে সাঁতার কেটে ছোট নৌকাটির কাছে পৌঁছুতে পেরেছিলাম।”

সাগরে কোন রকমে ভেসে বেঁচে যাওয়াদের একটি মালবাহী জাহাজ উদ্ধার করে। জাহাজটির একজন ক্রু জানিয়েছেন, উদ্ধার পাওয়া যাত্রীরা প্রথমে গ্রিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে যেতে অস্বীকৃতি জানান। তারা ইতালিতে যাওয়ার সংকল্পেই অনড় থাকেন।

নৌকাটিতে বেশির ভাগ যাত্রীই ছিলেন পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালির দিকে যাচ্ছিলেন।

চলতি বছরেই লিবিয়া থেকে ইটালি যাওয়ার এই ভয়ঙ্কর সমুদ্রপথ বেছে নিয়ে প্রাণ হারিয়েছেন আরো অনেক অভিবাসী।

কায়রোয় সোমালিয়ার দূতাবাস জানিয়েছে, প্রায় ৪০০ মানুষ মারা গেছে বলে জানিয়েছে।

কিন্তু জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই সংখ্যায় সন্দেহ প্রকাশ করেছে। টুইটারে শত শত অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর সংখ্যাকে ‘ভুল’ অভিহিত করেছে।

গেল বছরের এপ্রিলে এই ভূমধ্যসাগরেই নৌযান ডুবিতে প্রায় ৮০০ অভিবাসন প্রত্যাশী মারা যান।

জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার অভিবাসী ঝুঁকি পূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে। এর মধ্যে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে।