২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ভূমিকম্পে কাঁপল জাপানের কুমামতো

দুই দফা ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ পর মানুষজন ঘরে ফেরার সময়টিতেই আবার ভূমিকম্পে কেপে উঠল জাপানের কুমামতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:04 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

সোমবার স্থানীয় সময় রাত ৮ টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে তৃতীয় দফার এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে এবং প্রাচীন প্রভাবশালী দৈনিক ইয়মূরি সিম্বন একথা জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে সিম্বন বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমামতো প্রদেশ থেকে ১০ কিমি দূরে। কুমামতো ইবুমিয়া, তাকামুরি, মিনামি-আসোতে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এর কাছাকাছি। কুমামতো ছাড়াও পাশ্ববর্তী প্রদেশের ঐতার তাকেতাতে কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কথা জানিয়েছেন কুমামতো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র তানজির আহমেদ।তিনি বলেন, ভূমিকম্পটি আগেরগুলোর তুলনায় কিছুটা দুর্বল ছিল। আশ্রয়কেন্দ্রে থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কথা বলতে পারেননি তিনি।

তানজির আরো বলেন, আমরা এখন একটু ভাল আছি। তবে কখন কি হয়ে যায় তা বলা কঠিন।

বৃহস্পতিবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই শনিবার মধ্যরাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ধ্বংস্তস্তুপে পরিণত হয় সাড়ে তিন লাখ বাসিন্দার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশ।

দুই দিনের ওই ভূমিকম্পে ৪২ জন নিহত হয়। ১১ জন নিখোঁজ হওয়াসহ আহত হয় সহস্রাধিক।

প্রায় পাঁচশ’বার মৃদু কম্পনে ভীত সন্তস্ত্র এ অঞ্চলের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয় স্থলে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমামতো শহরের মাইশিতে। ভূমিকম্পের পর কুমামতো, অইতা, মিয়াজাকি প্রদেশের ২ লাখ মানুষ বিদ্যুৎবিহীন, ৩ লাখ ৮৫ হাজার মানুষ পানীয় জলের সমস্যায় পড়ছে।

সরকারি হিসাবমতে, গত দুই দিনে ৯০টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে ৮০০ টি ঘর।

রাস্তাঘাট ভেঙে গেছে, বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে। চরম মানবিক বিপর্যয় এড়াতে প্রায় ২৫ হাজার বিশেষ নিরাপত্তা বাহিনী (এসডিএফ) সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কুমামতো সংস্কারে বিশেষ বাহিনীর সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাধারন মানুষও রয়েছে।

সোমবার সকাল থেকে ভেঙে পড়া বাড়ি মেরামত করতে দেখা যায় তাদেরকে। ভেঙে পড়া গাছ-পালা সরিয়ে ফেলা হচ্ছে।

এর আগে সোমবার সকাল থেকে  সম্ভব্য ভূমিকম্পের কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রাতে ভূমিকম্পের পর সুনামি সর্তকতা জারি করা হয়নি।