বিচারের মুখে ওবামার অভিবাসন পদক্ষেপ
নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন তৎপরতা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রেসিডেন্টের ক্ষমতার আওতা কতটুকু তা নিয়ে সোমবারই শুনানি হবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে।
অবৈধ অভিবাসীদের নিজে দেশে ফেরত যাওয়া থেকে রেহাই দেওয়ার ব্যাপারে ওবামা একতরফাভাবে পদক্ষেপ নিয়ে তাঁর নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন কি না- শুনানিতে সে প্রশ্নেরই মুখোমুখি হতে হবে তাকে।
ওবামার ওই পদক্ষেপ নিয়ে ৯০ মিনিটের যুক্তিতর্ক অনুষ্ঠান করবেন বিচারকরা।
২০১৪ সালে ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন। এতে করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়।
রিপাবলিকানদের বিরোধিতার পরও আদেশটি কার্যকর করার সব প্রশাসনিক উদ্যোগ নেয় ওবামা প্রশাসন।
বৈধতা পেতে অভিবাসীদের আবেদনপত্র জমা দেওয়ার আগ মুহূর্তে বিরোধীপক্ষ আদালতে মামলা করে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন।
টেক্সাসের নেতৃত্বে ২৬ টি রাজ্য ওবামার ২০১৪ সালের অভিবাসন পরিকল্পনা রুখে দিতে মামলা করে।
ওবামার ‘ডেফারড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকাস এন্ড লফুল পার্মানেন্ট রেসিডেন্টস’ (ডিএপিএ) শীর্ষক পরিকল্পনাটি গত বছর কার্যকর হওয়ার আগেই রিপাবলিকান শাসিত রাজ্যগুলোর মামলার মুখে তা আটকে দেন টেক্সাসের ফেডারেল জাজ। নিউ অরলিন্স অঙ্গরাজ্যের আপিল আদালত নভেম্বরে ওই আদেশই বহাল রাখে।
এর পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ আদেশটি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যালোচনা চায়। জুনের শেষ নাগাদ সুপ্রিম কোর্টের এ ব্যাপারে রায় দেওয়ার কথা রয়েছে।
