২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ’

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 07:22 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

শুক্রবার সকালে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

ক্ষেপণাস্ত্রটি কি ধরনের তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে এটি মাঝারি পাল্লার ‘মুসুদান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেপণাস্ত্রটি আগে পরীক্ষা করেনি উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ ন্যাশনাল নিউজ এজেন্সি সরকারি কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রটি মুসুদান নামে পরিচিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র।

সম্প্রতি উত্তর কোরিয়াকে এ ধরনের দুটো ক্ষেপণাস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে দেখা যায়।

উত্তর কোরিয়ার এটিই প্রথম মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এ ধরনের অন্তত আরও ৫০ টি ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে বলে জানানো হয়েছে ইয়োনহাপের প্রতিবেদনে।