অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারামের ভিডিও প্রকাশ
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম তাদের অপহৃত স্কুলছাত্রীদেরকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।
নাইজেরিয়ার চিবুক শহর থেকে দু’বছর আগে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। তাদেরই ১৫ জনকে নিয়ে ভিডিওটি প্রকাশ করেছে সংগঠনটি।
খুব সম্ভবত ডিসেম্বরে ধারণ করা এ ভিডিওটি নাইজেরিয়া সরকারের কাছে পাঠানো হয়েছে।ভিডিওটিতে ওই নারীদেরকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে।
দেখা যাওয়া নারীদের বেশ কয়েকজনকে তাদের বাবা-মা’য়েরা শনাক্ত করতে পেরেছেন।
২০১৪ সালের মে মাসের পর এটিই প্রথম প্রকাশিত ভিডিও যেখানে অপহৃত শিক্ষার্থীদের দেখানো হয়েছে। ওই বছরেরই ১৪ এপ্রিল ২৭৬ জন স্কুলছাত্রী অপহৃত হয়।এ ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
কিন্তু তারপরও বেশিরভাগ স্কুলছাত্রীই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।ওদিকে, নাইজেরিয়ার রাজধানী আবুজাতে অপহৃত স্কুলছাত্রীদের সন্ধান লাভের জন্য সরকারের তৎপরতা আরও জোরদারের দাবিতে বাবা-মায়েরা বিক্ষোভের উদ্যোগ নিচ্ছেন।
বিবিসি জানায়,আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে,তারা অপহৃতদের উদ্ধারে ব্যর্থ হয়েছেন।আর নতুন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ,নিখোঁজদের হদিস পাওয়ার জন্য প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছেন না তারা।
