উইলিয়াম-কেটের সফরের দিন কাজিরাঙ্গায় গন্ডার হত্যা
ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভয়ারণ্যটির একটি গণ্ডার হত্যা করেছে চোরাশিকারিরা।
গণ্ডার হত্যায় চোরাশিকারিরা একে-৪৭ রাইফেল ব্যবহার করেছে বলে বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার ব্রিটিশ রাজকীয় দম্পতির ওই সফরের দুই দিন আগে একটি মাদি গণ্ডারকে হত্যা করেছিল চোরাশিকারিরা। দুটি প্রাণিরই শিংগুলো কেটে নিয়ে যায় তারা।
কাজিরাঙ্গার বন কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে তারা এক পশলা টানা গুলিবর্ষণের শব্দ পান।
পরে ঘটনাস্থলে গিয়ে পূর্ণবয়স্ক একটি গণ্ডারের মৃতদেহ ও কাছাকাছি একে-৪৭ রাইফেলের ৮৮ রাউন্ড গুলির খোসা পান।
এ ঘটনার কয়েক ঘন্টা আগে ব্রিটিশ রাজকীয় দম্পতি খোলা জিপে করে একই বনে ঘুরে বেড়িয়েছেন। অবশ্য ওই সময় নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো তাদের পাহারা দিয়ে রেখেছিল।
বৃহস্পতিবার সকালে ভুটানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট স্থানীয় ডিফলু রিভার লজে রাত্রিযাপন করেন। ওই লজ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গণ্ডারটিকে হত্যা করা হয়।
গণ্ডার রক্ষায় বনকর্মীদের আরো উন্নততর অস্ত্রের প্রয়োজন কিনা তাও জিজ্ঞেস করেন।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ কাজিরাঙ্গা অভয়ারণ্যে বিশ্বের সবচেয়ে বেশি একশৃঙ্গী গণ্ডারের বসবাস। সর্বশেষ গণনায় বনটিতে দুই হাজার ৪০০ গন্ডারের হদিস পাওয়া যায়। এই গণ্ডারদের শিং নিয়ে কোটি কোটি ডলারের চোরাকারবার হয় বলে প্রকাশিত বিভিন্ন তথ্যে জানা যায়।
