২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ ত্যাগে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্যের অর্থনীতি: জরিপ

২৩ জুনের গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) না থাকার পক্ষে ভোট পড়লে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। রয়টার্সের এক জরিপে এমন কথাই বলেছেন বেশির ভাগ অর্থনীতিবিদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 11:58 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

এ আশঙ্কা বাস্তব হলে অর্থনৈতিক সঙ্কট শুরুর পর থেকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রথম সুদের হার কমানোর মত পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

অন্যদিকে, গণভোটের ফল ইইউ য়ে যুক্তরাজ্যের থাকার পক্ষে গেলে অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

জরিপে অংশ নেওয়া ৩৫ জনের মধ্যে ৩১ জন অর্থনীতিবিদই বলেছেন, ব্রিটেনের ইইউ ছাড়ার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। আর মাত্র ৪ জন অর্থনীতিবিদ বলেছেন, অর্থনীতিতে এর কোনও প্রভাব পড়বে না। তবে যুক্তরাজ্য ইইউ ছাড়লে অর্থনীতিতে ইতিবাচক কিছু হবে এমন কথা বলেননি কেউই।

জরিপে প্রশ্নের উত্তর দেওয়া অর্থনীতিবিদদের মোটামুটি দুই-তৃতীয়াংশই যুক্তরাজ্যের। তবে যুক্তরাজ্যের বাইরের অর্থনীতিবিদদের উত্তরেও তেমন কোনও পার্থক্য দেখা যায় নি।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলেছিল যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলে তা আঞ্চলিক এমনকি বিশ্বব্যাপী মারাত্মক ক্ষতি ডেকে আনতেপারে।

যুক্তরাজ্যের ইইউ ত্যাগে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভেঙে পড়া ছাড়াও ব্রিটেন ও ইউরোপ উভয়ের জন্য তা ‘বড় ধরনের নানা চ্যালেঞ্জ সৃষ্টি করবে’ বলেই অভিমত আইএমএফ এর।