টেড ক্রুজ মার্কিন নাগরিক: রায় আদালতের
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তাকে যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় ‘ন্যাচারাল বর্ন সিটিজেন’ বা জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবে রায় দিয়েছেন নিউ জার্সি আদালতের বিচারক।
কানাডায় জন্ম নেওয়া ক্রুজের বাবা কিউবার এবং মা আমেরিকার নাগরিক।
তবে মঙ্গলবার বিচারক জেফ ম্যাসিন বলেন, ক্রুজ সাংবিধানিক প্রয়োজনীয়তা পূরণে সক্ষম হয়েছেন। এজন্য তিনি জুনে রাজ্য প্রাইমারি নির্বাচনেও লড়তে পারেন।
নিউ জার্সির লেফটেন্যান্ট গভর্নর কিম গুয়াদাগনো এখন ম্যাসিনের এ সিদ্ধান্ত পুনপর্যালোচনা করে দেখবেন বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান দল থেকে ক্রুজের প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে ক্রুজের প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ট্রাম্প বলেছিলেন, “আপনার (ক্রুজের) মাথার ওপর বিশাল একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আপনি দলের জন্য এটা করতে পারেন না।”
সোমবার এ বিষয়ে আদালতে বিতর্ক চলাকালে ‘দ্য সাউথ জার্সি কনর্সান্ড সিটিজেন্স’ কমিটি এবং আইনের অধ্যাপক ভিক্টর উইলিয়ামস বলেন, “ক্রুজ কানাডায় জন্ম গ্রহণ করেছেন এবং এর অর্থ হল, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি দেশটির ‘ন্যাচারাল-বর্ন সিটিজেন’ হতে পারবেন না।”
তাদের দাবি, ক্রুজ একজন ‘ন্যাচারালাইজড’ নাগরিক এবং একজন প্রেসিডেন্টকে অবশ্যই যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করতে হবে।
জবাবে ক্রুজের আইনজীবী বলেন, যেহেতু তার মা একজন আমেরিকান তাই ক্রুজ ‘ন্যাচারাল-বর্ন সিটিজেন’।
মঙ্গলবার বিচারক ম্যাসিন ক্রুজের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়ে বলেন, “সংবিধানের বহুল প্রচলিত আইনি বিশ্লেষণ অনুযায়ী, যে শিশুর বাবা আমেরিকার নাগরিক বা মা আমেরিকার নাগরিক অথবা উভয়ই আমেরিকার নাগরিক সে ‘ন্যাচারাল-বর্ন সিটিজেন’ হিসেবে গণ্য হবে।”
বিচারক ম্যাসিন আরও বলেন, লেফটেন্যান্ট গভর্নর গুয়াদাগনো চাইলে তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন, পরিবর্তন করতে পারেন বা বাতিল করে দিতে পারেন।
পদাধিকার বলে এ বিষয়ে গুয়াদগনোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
