ফ্রান্সে ফের হামলা পরিকল্পনা ছিল ব্রাসেলস হামলাকারীদের
ব্রাসেলসে ২২ মার্চের বোমা হামলার পরিকল্পনাকারীরা মূলত আবারও ফ্রান্সে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন বেলজিয়ামের কৌসুলিরা।
এক বিবৃতিতে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর বলেন, “তদন্তে আমরা এমন অনেক তথ্য পেয়েছি যা দেখে বোঝা যাচ্ছে , প্রাথমিকভাবে ওই জঙ্গি সেলটির আবারও ফ্রান্সে হামলা চালানোর অভিপ্রায় ছিল।”
“কিন্তু (আমাদের) তদন্তের অগ্রগতি দ্রুত হওয়ায় তারা কিছুটা হতবাক হয়ে যায় এবং কাছের লক্ষ্যস্থল ব্রাসেলসে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।”
তদন্তে দেখা গেছে, গত বছর ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের অনেকে বেলজিয়ামে বসবাস করত।
প্যারিস হামলার অন্যতম প্রধান সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকেও ১৮ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়।
তার চারদিন পরই ব্রাসেলসে আত্মঘাতী হামলা চালানো হয়।
মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ান বাবা-মা’র সন্তান আব্দেস্লাম ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবানবন্দিতে বলেন, ১৩ নভেম্বর তার প্যারিসের স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালানোর কথা ছিল। কিন্তু একদম শেষ মিনিটে সে হামলা না চলানোর সিদ্ধান্ত নেয়।
ওই দিন আব্দেস্লামের ভাই ব্রাহিম প্যারিসের একটি ক্যাফেতে আত্মঘাতী হামলা চালায়।
প্যারিস হামলার পর সন্দেহভাজন হিসেবে ইউরোপের ‘ওয়ান্টেড’ তালিকায় নাম ওঠে মোহাম্মদ আবরিনির।
শুক্রবার তাকেও ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়।
২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে হামলার আগে সিসিটিভি ফুটেজে দুই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে ‘হ্যাট মাথায় দেওয়া’ তৃতীয় যে ব্যক্তিকে দেখা যায় সে আবরিন বলে ধারণা করা হচ্ছে।
৩১ বছর বয়সী আবরিনির বিরুদ্ধে শনিবার সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে হত্যার অভিযোগ আনা হয়েছে।
