দক্ষিণ এশিয়াজুড়ে ভূমিকম্প, পাকিস্তানে নিহত ৬
দক্ষিণ এশিয়াজুড়ে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার দুপুরের ওই ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বেশ কিছু এলাকা কেঁপে ওঠে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের আশকাশাম থেকে ৩৯ কিলোমিটার দূরে মাটির ২১০ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানায়, ভূমিকম্পে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। উত্তরের গিলগিট-বালতিস্তান প্রদেশে মারা গেছে একজন।
ভূমিকম্পে আরো অন্তত সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ।
তবে আফগানিস্তান বা ভারতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ভূমিকম্পের পর দিল্লিতে মেট্রো চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেখানে ভূমিকম্প পরবর্তী কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।
