অফশোর কোম্পানিতে শেয়ার ছিল ক্যামেরনের
প্রয়াত বাবার অফশোর কোম্পানিতে নিজের ও স্ত্রীর অংশীদারিত্ব ছিল জানিয়ে ডেভিড ক্যামেরন বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি ওই অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন এবং লভ্যাংশের উপর যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী আয়করও দিয়েছেন।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের আইটিভি নিউজকে ক্যামেরন এসব বলেন বলে বিবিসি জানিয়েছে।
ক্যামেরন বলেন, “সামান্থা (ক্যামেরনের স্ত্রী) ও আমার একটি যৌথ হিসাব ছিল যেখানে ব্লেয়ারমোর ইনভেস্টমেন্ট ট্রাস্টের ৫ হাজার শেয়ার ছিল। ওগুলো আমরা ২০১০ এর জানুয়ারিতে ৩০ হাজার পাউন্ডের কাছাকাছি দামে বিক্রি করে দেই। লভ্যাংশ থেকে আমি করও পরিশোধ করেছি। তবে এই লাভ মূলধনী করের সীমার মধ্যে না পড়ায় আমি স্বাভাবিক নিয়মেই কর পরিশোধ করি “
ক্যামেরন আগামী সপ্তাহের মধ্যে তার বার্ষিক আয়কর বিবরণী প্রকাশ করতে যাচ্ছেন বলে বিবিসি ধারণা করছে।
প্রধানমন্ত্রী ক্যামেরনের বক্তব্যের পর পরে ডাইনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, ক্যামেরন ও তার স্ত্রী ব্লেয়ারমোর হোল্ডিংসের ওইসব শেয়ার ১৯৯৭ সালের এপ্রিলে ১২ হাজার ৪৯৭ পাউন্ডে ক্রয় করেন এবং ২০১০ এর জানুয়ারিতে ৩১ হাজার ৫শ পাউন্ডে বিক্রি করে দেন।
ক্যামেরনের বাবা ইয়ান ‘ব্লেয়ারমোর হোল্ডিংস’ নামে একটি অফশোর কোম্পানির পরিচালক ছিলেন এবং মিটিংয়ে অংশ নিতে মাঝে মধ্যেই বাহামা কিংবা সুইজারল্যান্ডে যেতে হত বলে মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া বেশ কয়েকটি নথিতে জানা গেছে।
কোম্পানিটি ২০০৬ সাল পর্যন্ত বেয়ারার শেয়ার দিয়ে মক্কেলের গোপনীয়তা নিশ্চিত করতো বলেও নথিগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবা ইয়ান। ছবি: রয়টার্স
