ইরান কোনও দেশের জন্য হুমকি নয়: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, কোনও দেশের জন্যই তার দেশ হুমকি নয়। বাদবাকী বিশ্বের সঙ্গে আন্তসমম্পর্ক বজায় রেখেই ইরান চলতে চায়।
ইরানের জাতীয় পরমাণবিক প্রযুক্তি দিবস পালনকালে এক সমাবেশে রুহানি একথা বলেন। রাষ্ট্রীয় টিভি তার এ বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে।
রুহানি বলেছেন, “আমরা মধ্যপন্থি নীতির পক্ষে... ইরান কোনও দেশের জন্য হুমকি নয়... তেহরান বিশ্বের সঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তসম্পর্ক চায়।”
“মধ্যপন্থার মধ্য দিয়ে আমরা দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব...অন্যদেরকে বিশ্বাস বা অবিশ্বাস করে উন্নতির পথে ১০০ ভাগ আগানো যায় না। আমাদের গোটা বিশ্বের সঙ্গে আন্তসম্পর্ক গড়া দরকার।”
তার এ বক্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিপরীতে গেছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়টি নাকচ করেছেন খামেনি।
২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি কমানোর বিনিময়ে দেশটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে বিশ্বের ছয়শক্তিধর দেশের সঙ্গে তেহরানের চুক্তি হয়।
