হামলার পর ব্রাসেলস বিমানবন্দর ছাড়ল প্রথম ফ্লাইট
আত্মঘাতী বোমা হামলার ১২ দিনের মাথায় রোববার থেকে ব্রাসেলস বিমানবন্দর থেকে পর্তুগালের উদ্দেশে ছেড়ে গেছে যাত্রীবাহী বিমানের প্রথম ফ্লাইট।
২২ মার্চ বহির্গমন এলাকায় জোড়া বোমা হামলার পর থেকে বেলজিয়ামের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছিল।
ওই দিন ইয়াবেনতেম বিমানবন্দর ছাড়াও ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলা হয়। উভয় হামলায় মোট ৩২ জন প্রাণ হারায়।
বিমানবন্দরের প্রধান নির্বাহী আরনাউদ ফিস্ট শনিবারই এক সংবাদ সম্মেলনে রোববার থেকে ব্রাসেলস বিমানবন্দরে আংশিকভাবে বিমান ওঠা-নামার কাজ শুরু হওয়ার কথা জানান।
রোববার দিন শেষে আরও দুটো ফ্লাইট ব্রাসেলস বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
