২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইপ্রাসে রিমান্ডে বিমান ছিনতাইকারী

ভুয়া আত্মঘাতী বেল্ট দিয়ে ভয় দেখিয়ে মিশরীয় বিমান ছিনতাইকারী সাইফ এলদিন মুস্তফার আট দিনের রিমান্ডের আদেশ দিয়েছে সাইপ্রাসের লারনাকা আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:07 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় আলেকজান্দ্রিয়া থেকে রওনা হয়ে কায়রো যাওয়ার পথে ছিনতাই হয় উড়োজাহাজটি। ছিনতাইকারী এমএস ১৮১ ফ্লাইটটিকে সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করেন। পরে মিশর এবং সাইপ্রাস কর্তৃপক্ষ ছিনতাইকারীকে মুস্তফা বলে সনাক্ত করে।

বিমান ছিনতাই, অপহরণ ও ভীতি প্রদর্শনসহ কিস্ফোরক বহন সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে বুধবার আদালত মুস্তফাকে পুলিশের রিমান্ডে রাখার এ আদেশ দিয়েছে।

পুলিশের জিপে করে আদালত ছাড়ার সময় গাড়ির জানালা দিয়ে হাত উঁচু করে বিজয়সূচক 'ভি' চিহ্ন দেখিয়েছেন মুস্তফা। সাইপ্রাসের কর্মকর্তারা তার ‘মানসিক অবস্থা অস্থিতিশীল' আখ্যা দিয়ে বলেছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই।

ছিনতাইকারীর বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে গণমাধ্যমগুলোতে নানা ধরনেরর কথা বলা হয়েছে।সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শুরুতে বলা হয়, ছিনতাইকারী মিশরে আটক কয়েকজন নারী কয়েদীর মুক্তি চেয়েছেন।স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথাও বলা হয়েছিল, ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন, যিনি সাইপ্রাসে থাকেন।

ছয়ঘন্টারও বেশি সময়ের অচলাবস্থার পর মুস্তফা বিমান থেকে হাত তুলে বের হয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে বিমান ছিনতাই নাটকের অবসান ঘটে। এসময় বিমানে থাকা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।