টেড ক্রুজকে উইসকনসিন গভর্নরের সমর্থন
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী টেক্সাসের সিনেটর টেড ক্রুজকে সমর্থন দিয়েছেন উইসকনসিন রাজ্যের গভর্নর স্কট ওয়াকার।
এতে করে উইসকনসিনে ৫ এপ্রিলে অনুষ্ঠেয় প্রাইমারির আগে ত্রিমুখী প্রতিযোগিতায় একধাপ এগিয়ে গেলেন ক্রুজ।
ডব্লিউটিএমজে বেতারে এক সাক্ষাৎকারে মঙ্গলবার ওয়াকার বলেন, ৫ এপ্রিল প্রাইমারির আগে রাজ্যজুড়ে ক্রুজের পক্ষে প্রচার চালানোর পরিকল্পনা করেছেন তিনি।
ধনকুবের ডোনাল্ড ট্রাম্প এবং ওহাইওর গভর্নর জন কাসিচের বিপরীতে ক্রুজকে সমর্থন দেওয়ার ব্যাপারে ওয়াকার বলেন, তার বিশ্বাস, টেড ক্রুজই ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সবচে ভাল অবস্থানে রয়েছেন এবং তিনিই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারাতে পারবেন।
উইসকনসিনের জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প এবং ক্রুজ জনসমর্থনের দিক দিয়ে খুব কাছাকাছি অবস্থানে আছেন। সর্বসাম্প্রতিক এমারসন জুরিপে দেখা গেছে ট্রাম্পের সমর্থন ৩৬ শতাংশ আর ক্রুজের ৩৫ শতাংশ। এদিক দিয়ে ওহাইওর গভর্নর কাসিচ মাত্র ১৯ শতাংশ জনসমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ক্রুজকে সমর্থন দিয়ে ট্রাম্পের সবচেয়ে ভাল বিকল্প প্রার্থী হিসাবে তাকে সমর্থন দেওয়া অন্যান্য মূলধারার রিপাবলিকানদের সঙ্গেই যোগ দিলেন উইসকনসিনের গভর্নর ওয়াকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মনোনয়ন নিয়ে আগে থেকেই সমালোচনা চলছে। বিশেষ করে মুসলিমদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
