২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পাঠানকোটে পাকিস্তানি তদন্ত দল

আইএসআই-এর এক কর্মকর্তাসহ পাকিস্তানি একটি তদন্ত দল বুলেট প্রুফ গড়িতে করে ভারতের অমৃতসর থেকে পাঠানকোটের জঙ্গি-হামলাস্থলে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 03:18 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

এনডিটিভি বলছে, নজিরবিহীন এই পরিদর্শক দলকে ভারতে এসে তদন্তের অনুমতি দেয়ায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের সমালোচনা করেছে দেশটির বিরোধীদল কংগ্রেস পার্টি ও আম আদমি পার্টি (এএপি)।

চলতি বছরের ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় সাতজন নিহত হন। ওই জঙ্গি হামলায় জড়িত ছয় সন্ত্রাসীকে পাকিস্তানি নাগরিক বলে চিহ্নিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

হামলাকারীরা পাকিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় তদন্তকারীরা। ভারতীয় দাবি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেছে পাকিস্তানি তদন্ত দল।

ভারতীয় বিমান বাহিনীর ওই কৌশলগত বিমান ঘাঁটিতে পাকিস্তানি তদন্ত দল ‘স্পর্শকাতর নয়’ এমন জায়গাগুলো পরিদর্শন করবে বলে সরকারি ভাষ্যে বলা হয়েছে।

ছয় জঙ্গি যেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে পাকিস্তানি তদন্ত দল প্রধানত সেই স্থানটিই পরিদর্শন করবে। ঘাঁটির স্পর্শকাতর এলাকাগুলো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

এতে পাকিস্তানি পরিদর্শক দল ঘাঁটিটি সর্ম্পকে প্রাথমিক ধারণাও নিতে পারবে না বলে সোমবার দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। 

সাদা, লাল ও হলুদ তাঁবু খাঁটিয়ে স্পর্শকাতর এলাকাগুলো পাকিস্তানি তদন্ত দলের চোখের আড়াল করার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবারের এই পরিদর্শন শেষে পাকিস্তানি তদন্ত দলকে সীমান্তে নিয়ে কোন পথে ‘সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছিল’ তা দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।

নিহত হামলাকারীদের লাশগুলো দেখাতে যে হাসপাতালে সেগুলো রাখা আছে সেখানে পাকিস্তানি দলটিকে নেওয়া হতে পারে বলেও ধারণা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। 

এছাড়া ওই সন্ত্রাসী হামলার প্রধান প্রত্যক্ষদর্শী পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলবে পাক তদন্ত দল। এই পুলিশ কর্মকর্তার দাবি, হামলার আগে তাকে অপহরণ করে জঙ্গিরা তার গাড়িটি ছিনতাই করেছিল।

তবে এসব সত্বেও ভারতীয় কোনো নিরাপত্তা কর্মকর্তাকে প্রশ্ন করতে পারবেন না সফররত তদন্ত দলের কেউ।

সোমবার ভারতের রাজধানী দিল্লিতে ভারতীয় তদন্তকারীদের সঙ্গে বৈঠক করে পাক তদন্ত দল। বিভিন্ন সূত্র জানিয়েছে, এই আলোচনাকালে পাক দল ভারতীয় তদন্তকারীদের তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে কোনো দ্বিমত বা কোনো আপত্তি উত্থাপন করেনি।

আলোচনাকালে ভারতীয় তদন্তকারীরা, পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদ কীভাবে পাঠানকোটে হামলা চালায় তার বিস্তারিত তুলে ধরেন বলে জানা গেছে।