২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার আহ্বান নওয়াজের

লাহোরে একটি পার্কে রক্তক্ষয়ী আত্মঘাতী হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে  নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আরও ভাল সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:48 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে শরীফ বলেন, (এ ঘটনার পর) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে পাকিস্তানের সংকল্প আরও দৃঢ় হয়েছে।

রোববার বিকালে লাহোরের জনপ্রিয় গুলশান-ই-ইকবাল পার্কের প্রধান ফটকের কাছে গাড়ি পার্কিং এলাকায় একটি আত্মঘাতী হামলায় ৭০ জন নিহত হয়েছে, যাদের ২৯ জনই শিশু।

ওই দিন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপন উপলক্ষ্যে লাহোরের খ্রিস্টানরা ওই পার্কে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিল।

রাতে তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জামাত-উল-আহরার এ হামলার দায় স্বীকার করে বলেছে, খ্রিস্টানদের ইস্টার উৎসবই ছিল তাদের হামলার লক্ষ্য।  যদিও হামলায় হতাহতদের অধিকাংশই মুসলিম।

হামলায় তিন শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শরিফ আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। পাঞ্জাব সরকার হামলার ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং হতাহতদের স্মরণে তিনদিন শোক পালনের ঘোষণা দিয়েচে। অন্যান্য অঞ্চলে একদিন করে শোক পালিত হবে।

নওয়াজ শরিফ বলেছেন, “কাপুরুষ শত্রুরা দুর্বল লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করছে এবং এতে জাতি ও সরকার হিসেবে আমাদের সংকল্প আরও দৃঢ় হচ্ছে।”

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের গতি আরও বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন শরিফ।

তিনি বলেন, “আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আরও সক্রিয় সমন্বয় চাই।”

শরিফ আরও বলেন, “যুদ্ধে জঙ্গিরা আমার সন্তান, ছেলে এবং মেয়েদের হত্যা করছে। আল্লাহর ইচ্ছায় আমরা এই দেশ থেকে তাদের  নির্মূল করব।”

হামলার পর পাকিস্তান সেনাবাহিনী পাঞ্জাব প্রদেশ জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পাঁচটি অভিযানে তারা কয়েকজনকে আটক এবং প্রচুর অস্ত্র জব্দ করেছে।

টুইটে সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল অসীম বাজওয়া বলেন, সেনাবাহিনী লাহোর, মুলতান ও ফয়সালাবাদে অভিযান চালিয়েছে।

“অভিযানে সন্ত্রাসী ও সন্ত্রাসীদের মদদদাতা সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।”

প্রাদেশিক রাজধানী লাহোরে রোববারের ওই হামলার পর পাঞ্জাব সরকার রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এছাড়াও পাকিস্তান জুড়ে একদিন এবং পাঞ্জাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার পাঞ্জাবের বিদ্যালয় ও বাজার বন্ধ ছিল।

পাকিস্তানে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও আর্থিকভাবে শক্তিশালী নগরগুলোর অন্যতম লাহোর। প্রধানমন্ত্রী শরীফের শক্তঘাঁটি লাহোরে গত কয়েক বছর খুব একটিা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।

রোববারের হামলার পর জামাত-উল-আহরার এর মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেন, “এই হামলার মাধ্যমে আমরা শরীফকে একটি বার্তা দিতে চেয়েছি। তা হল: আমরা লাহোরে প্রবেশ করেছি।”

ভবিষ্যতে আরো হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) কাছে আনুগত্য স্বীকার করা এই জঙ্গি সংগঠনটি।