ইয়েমেনে গৃহযুদ্ধের বর্ষপূর্তিতে লাখো মানুষের বিক্ষোভ
সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রথম বর্ষপূর্তিতে ইয়েমেনের রাজধানী সানায় লাখো মানুষ জোট বাহিনীর বিমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।
২০১১ সালে গণবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়ার পর থেকে সানায় এত বড় বিক্ষোভ আর হয়নি।
শনিবারের এ বিক্ষোভে হুতিদের মিত্র সালেহ উপস্থিত ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার প্রকাশ্যে এলেন সালেহ।
ইয়েমেনের পতাকা নাড়িয়ে জোট বাহিনীর বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভরত বিশাল জনতার উদ্দেশ্যে সালেহ বলেন, “সৌদি জান্তার সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হয়ে আমরা শান্তির হাত বাড়িয়ে দিয়েছি, সাহসীদের শান্তি।”
কামেল আল খোদানি নামের এক বিক্ষোভকারী বলেন, “আজ আমরা বের হয়ে এসেছি বিশ্বকে এটা বলতে যে, পুরো এক বছর অবরোধ, ক্ষুধা এবং বিমান হামলা এবং দুর্ভোগ সত্বেও আমরা, ইয়েমেনি জনতা একতাবদ্ধ আছি।”
পরে যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে হুতি সমর্থকরাও আলাদা একটি প্রতিবাদ সমাবেশ করে।
শিয়া হুতি বিদ্রোহীদের পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নেওয়া ঠেকাতে গত বছরের ২৬ মার্চ থেকে দেশটিতে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি আরব দেশগুলোর জোট। এরপর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া লড়াইয়ে ৬২ হাজারেরও বেশ মানুষ নিহত হয়েছেন।
এই লড়াইয়ে প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
