প্রকাশকের ‘প্রত্যাখ্যানপত্র’ ট্যুইটারে দিলেন রাওলিং
‘হ্যারি পটার’ খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিংয়ের ছদ্মনামে লেখা একটি উপন্যাস ছাপাতে অস্বীকৃতি জানিয়েছিল দু’দুটি প্রকাশনা সংস্থা।
সেই প্রকাশ সংস্থা দুটির প্রত্যাখ্যান করে দেওয়া দুটি চিঠি শুক্রবার ট্যুইটারে শেয়ার করেছেন রাওলিং।
এক ভক্তের অনুরোধে ‘তরুণ লেখকদের’ উদ্দীপ্ত করতে চিঠিগুলো প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি, খবর বিবিসির।
টুইটারে ৭০ লাখ অনুসারী আছে লেখক রাওলিংয়ের। তাদেরই একজনের অনুরোধে চিঠি দুটো শেয়ার করে তিনি লিখেছেন, “পটারের চিঠিগুলো এখন চিলেকোঠায় একটি বাক্সের মধ্যে আছে, আমি অবশ্য তোমাদের রবার্ট গলব্রেইথকে দেখাতে পারি?”
শেয়ার করার সময় ‘হ্যারি পটার’ এর লেখক চিঠি দুটো থেকে প্রকাশকের ‘সিলমোহর’ সরিয়ে ফেলেন। তিনি বলেন, চিঠিদুটো তিনি ‘প্রতিশোধের জন্য নয়, (তরুণদের) উদ্দীপ্ত করতেই’ প্রকাশ করছেন।
“আমি প্রায়ই ভয় পেতাম, প্রকাশকরা আমাকে প্রত্যাখ্যান করবে। তবে যতক্ষণ পর্যন্ত সব প্রকাশক তা না করতো, আমি লেগে থাকতাম”, বলেন রাওলিং।
‘দ্য কুকোস কলিং’ নামের ওই উপন্যাস ২০১৩ সালে প্রকাশিত হয়। এটির লেখক হিসেবে ‘রবার্ট গলব্রেইথ’ ছদ্মনাম ব্যবহার করেছিলেন রাওলিং।
‘দ্য কুকোস কলিং’ প্রাপ্তবয়স্কদের জন্য লেখা রাওলিংয়ের দ্বিতীয় উপন্যাস। প্রথমটির নাম ‘দ্য ক্যাজুয়েল ভেকেন্সি’। ‘ক্যাজুয়েল ভেকেন্সি’ ২০১২ সালে রাওলিংয়ের নিজের নামেই প্রকাশিত হয়েছিল।
লেখার পর ‘দ্য কুকোস কলিং’ প্রকাশের জন্য ‘কনস্টেবল এন্ড রবিনসন’ ও ‘ক্রেমে দে লা ক্রাইম পাবলিশার্স’ এর কাছে পাণ্ডুলিপি পাঠান রাওলিং।
এর একটিতে কনস্টেবল এন্ড রবিনসন জানায়, ‘বাণিজ্যিকভাবে লাভজনক হবে না’ মনে হওয়ায় বইটি ছাপতে তারা ‘অপারগ’।
নতুন লেখককে ‘কাছাকাছি বইয়ের দোকান ঘুরে দেখতে’ কিংবা ‘বায়ার্স গাইড অব বুকসেলার ম্যাগাজিন’ থেকে এ ধরণের বই প্রকাশ করে এমন প্রকাশনা সংস্থা খুঁজে বের করারও পরামর্শ দেয় তারা।
অন্য চিঠিতে ‘ক্রেমে দে লা ক্রাইম পাবলিশার্স’ উপন্যাসটি না ছাপানোর কারণ হিসেবে ওই সময় ‘সেভার্ন হাউজ পাবলিশার্স’ নামে অপর একটি প্রকাশনা সংস্থার সঙ্গে ‘একীভূত’ হওয়ার কথা জানায়।
“এ জন্য এই মুহুর্তে নতুন কোনো বই জমা নেয়া যাচ্ছে না”, রবার্ট গলব্রেইথকে জানায় ক্রেমে দে লা ক্রাইম পাবলিশার্স।
পরে ‘লিটল, ব্রাউন এন্ড কোম্পানি’ তাদের স্ফেয়ার বুকস্ সিরিজের পেপারব্যাক হিসেবে ‘নতুন লেখক’ রবার্ট গলব্রেইথের ‘দ্য কুকোস কলিং’ প্রকাশ করে। প্রকাশের কয়েকদিনের মধ্যেই ‘দ্য কুকোস কলিং’ এর ১৫শ’র উপর কপি বিক্রি হয়ে যায়।
অক্সফোর্ডের এক অধ্যাপকের সাহায্যে সানডে টাইমস সংবাদপত্র পরে ‘রবার্ট গলব্রেইথের’ আসল নাম ‘উন্মোচন’ করে।
জে কে রাওলিংয়ের জনপ্রিয় শিশু-কিশোর সিরিজ ‘হ্যারি পটার’ এর প্রায় ৪০ কোটি কপি বিশ্বজুড়ে বিক্রি হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
