দক্ষিণের প্রেসিডেন্ট ভবনে হামলা হুমকি উত্তর কোরিয়ার
গত কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি-ধামকি চলার মধ্যে এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ‘ব্লু-হাউজ’ এ হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
ব্লু হাউজে হামলার জন্য সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়া প্রায়ই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়ে আসছে। তবে গত কয়েক সপ্তাহে খুবই আক্রমণাত্মক আচরণ এবং কথাবার্তা বলছে উত্তর কোরিয়া।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেউন-হাই উত্তর কোরিয়ার পতনের সময় হয়েছে বলে পিয়ংইয়ংকে সতর্ক করেছিলেন।
শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়, কিমের নির্দেশনায় দেশটির এখন পর্যন্ত চালানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সবচেয়ে বড় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও সরকারি কার্যালয়গুলোতে হামলার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এ বছরের শুরু থেকেই কোরিয়া উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়া জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পর কোরিয়া উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র অন্যান্যবারের চাইতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করে।
এরই মধ্যে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যদিও এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পাশাপাশি আরো পরমাণু অস্ত্র এবং বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দেয়।
মে মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নেতা কিম বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে ‘উস্কানিমূলক আচরণ’ বন্ধ করতে এবং ‘বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার’ ব্যাপারে সতর্ক করেছেন।
নিজেদের সেনাবাহিনীকে ‘সর্বোচ্চ সক্ষমতা নিয়ে’ যুদ্ধের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।
