ব্রাসেলস হামলায় গ্রেপ্তার ৭, ফ্রান্সে হামলা পরিকল্পনা নস্যাৎ
ব্রাসেলসে বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে বেলজিয়ামে সাতজন এবং জার্মানিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ফরাসি কর্তৃপক্ষ একটি সন্ত্রাসী হামলা পরিকল্পনা বানচাল করেছে বলে জানিয়েছে।
মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছে ইয়াবেনতেম বিমানবন্দর ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের কাছে মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং প্রায় ২৭০ জন আহত হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দেস্লামকে গ্রেফতারের চারদিন পর এ হামলা হয়।
তদন্তকর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইএস-র যে অংশটি গত বছর নভেম্বর প্যারিসে হামলা চালিয়েছিল তারাই ব্রাসেলসে হামলা চালিয়েছে।
বিবিসি বলছে, ব্রাসেলসে জোড়া হামলার ঘটনার পর বেলজিয়ামজুড়ে সাঁড়াশি অভিযান চলছে। পাশাপাশি চলছে তদন্ত। এ কর্মতৎপরতার ধারাবাহিকতায় স্কায়েরবিক এলাকায় ঘরে ঘরে চলেছে তল্লাশি অভিযান।
ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, উত্তরের শহর স্কায়েরবিক, পশ্চিমের শহর জেটে এবং ব্রাসেলসের কেন্দ্রস্থল থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিবিএফ শুক্রবার ভোরে ব্রাসেলসের ফরেস্ট বর্গ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তারের খবর জানায়।
জার্মানির একটি ম্যাগাজিনের খবরে বলা হয়, ব্রাসেলসে হামলার সঙ্গে জড়িত সন্দেহে জার্মান পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
ব্রাসেলসে বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানো সন্দেহভাজন দুইভাই (কালো পোশাক পরিহিত) ও তাদের সন্দেহভাজন সহযোগী। ছবি: রয়টার্স
বেলজিয়ামের একজন ফরেনসিক পুলিশ স্কায়েরবিকে অভিযান চালানোর সময় ছবি তুলছেন। ছবি: রয়টার্স
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাসি পুলিশ প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী এক অভিযান চালায়। সেখানে হামলা চালানোর পরিকল্পনাকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
হামলা চালানোর ঘণ্টাখানেক আগেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হওয়ায় সম্ভাব্য হামলাটি প্রতিরোধ করা গেছে বলে জানায় ফরাসি কর্তৃপক্ষ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফরাসি বংশোদ্ভূত সন্দেহভাজন ব্যক্তি হামলা চালানোর ‘শেষ পর্যায়ে’ ছিল। তবে ওই ব্যক্তির সঙ্গে ব্রাসেলস বা প্যারিস হামলার কোনও যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি।
গেল নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় ১৩০ জন নিহত হয়।
এর আগে ব্রাসেলসে আত্মঘাতী বোমা হামলা চালানো হামলাকারীদের একজনকে গতবছর ফেরত পাঠানো হয়েছিল জানিয়ে তুরস্ক বলেছে, ফেরত পাঠানো ওই ব্যক্তি জঙ্গি এমনটি জানানোর পরও বেলজিয়াম সতর্ক হয়নি।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান এ দাবি করেছেন।
ওই ব্যক্তিকে ইব্রাহিম এল বাকরাওয়ি বলে শনাক্ত করেছে এরদোয়ানের দপ্তর। ব্রাসেলসের হামলার জন্য বেলজিয়াম যে দুই ভাইকে দায়ী করেছে বাকরাওয়ি তাদের একজন।
আগের কয়েকটি ঘটনায় বেলজীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়া শুধু সিরিয়ায় যুদ্ধ করেছে এমন তথ্যের ভিত্তিতে তুরস্ক থেকে পাঠানো কাউকে তারা কারাগারে আটক রাখতে পারেন না।
