আইএস’ কে অর্থ পাঠাতেন সিডনির স্কুলছাত্রী!
অস্ট্রেলিয়ায় সিডনি শহরের স্কুলে পড়ুয়া ১৬ বছর বয়সের এক কিশোরী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কে অর্থ সরবরাহের অভিযোগে এখন বিচারের কাঠগড়ায়।
ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে সিরিয়ায় আইএস’কে কয়েক হাজার ডলার পাঠানোর অভিযোগ আনা হয়েছে ওই ছাত্রীর বিরুদ্ধে।
বিচারে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
আইএস কে অর্থ পাঠানোর এ ঘটনায় ওই কিশোরীর সঙ্গে ২০ বছর বয়সী এক যুবকও জড়িত। সেই যুবকই অভিযুক্ত কিশোরীকে অর্থ সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার কিশোরীটির সঙ্গে ওই যুবককেও গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত দুইজন সিরিয়ায় অর্থ পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার একটি পার্কে দেখা করে।
গ্রেপ্তার যুবকের নাম মিলাদ আতাই। ২০১৪ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে বড় ধরণের অভিযান চলাকালে সে গ্রেপ্তার হয়েছিল।
পুলিশের তথ্যানুযায়ী, ওই কিশোরী একজন আইএস যোদ্ধার নির্দেশে সিরিয়ায় ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছে।
মঙ্গলবার আতাইর সঙ্গে মিলে সে আরও পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাঠানোর পরিকল্পনা করার সময়ই গ্রেপ্তার হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী আগে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাঠানোর কথা স্বীকার করেছে।
তবে কিশোরীর আইনজীবীর দাবি, পুলিশের সংবাদদাতার সঙ্গে ওই কিশোরীর কথপোকথনের ওপর নির্ভর করে অনুমানের ভিত্তিতে এই মামলা করা হয়েছে।
কিশোরীকে ফাঁদে ফেলে এটি করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আতাইর বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
সন্ত্রাসীরা অস্ট্রেলিয়ার তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছে এবং এ বিষয়ে দেশটির পুলিশ বারবার জনগণকে সতর্ক করছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের উপ কমিশনার ক্যাথেরিন বার্ন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমাদের ক্রমাগত কিশোর ছেলেমেয়েদের সঙ্গে এমন পরিবেশে কাজ করতে হচ্ছে যা খুবই অস্বস্তিকর।”
