অ্যারিজোনায় বড় জয় পেলেন ট্রাম্প ও হিলারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যে বড় জয় পেয়ে নিজেদের অগ্রযাত্রা ধরে রেখেছেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির ভোটাভুটিতে অভিবাসন নীতি একটি বড় বিষয় হয়ে উঠেছে।
ভোটের ফলাফলে দেখা গেছে ট্রাম্পের অভিবাসন-বিরোধী বার্তা অঙ্গরাজ্যটির রক্ষণশীল ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। অপরদিকে অ্যারিজোনার ক্রমবর্ধমান ল্যাতিনো জনতার সমর্থন নিয়ে হিলারি তার সাফল্য ধরে রেখেছেন, খবর বিবিসির।
মনোনয়ন দৌঁড়ে নিজের শিবিরকে ধরে রাখার প্রচেষ্টায় থাকা ডেমোক্রেট বের্নি স্যান্ডার্স ক্ষুদ্র দুই অঙ্গরাজ্য আইডাহো ও ইউটাহ-র ককাসে জয় পেয়েছেন।
অপরদিকে টেক্সসের সিনেটর টেড ক্রুজ ইউটাহ-র রিপাবলিকান ককাসে জয় পেয়েছেন।
মঙ্গলবারের প্রাইমারি ও কাকাস মিলিয়ে হিলারি ও ট্রাম্পই এগিয়ে ছিলেন। অ্যারিজোনার জয়ে অন্যান্য এলাকার পরাজয় ছাপিয়েও এগিয়ে গেছেন তারা। এরজন্য অ্যারিজোনার জনসংখ্যাকে ধন্যবাদ দিতে পারেন প্রতিদ্বন্দ্বী দলের এই দুই মনোনয়ন প্রত্যাশী।
অ্যারিজোনাতে জয় পাওয়ায় এই রাজ্যের সব ডেলিগেট ভোট ট্রাম্পের পক্ষে যাবে। জুলাইয়ে রিপাবলিকান দলীয় সম্মেলনে দলের প্রার্থী নির্বাচন করা হবে, তখন এই জয় ট্রাম্পের জন্য আর্শীবাদ হয়ে দেখা দিতে পারে। ট্রাম্পের অভিবাসন বিরোধী ও সীমান্ত-নিরাপত্তা বাড়ানোর বার্তাগুলো এই রাজ্য থেকে উষ্ণ সমর্থন পেয়েছে।
রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেট ভোটের জাদু সংখ্যার দিকে জোর কদমে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। পরিস্থির নাটকীয় কোনো পরিবর্তন না হলে ট্রাম্পের মনোনয়ন নিয়ে রিপাবলিকান শিবিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হতে পারে।
ডেলিগেট ভোট গণনায় স্যান্ডার্সের অগ্রগতি সামান্যই। মনোনয়ন দৌঁড়ে টিকে থাকতে হলে শিগগিরই তার বড় ধরনের জয় পেতে হবে, অ্যারিজোনার মতো হোঁচট খেলে হবে না।
অ্যারিজোনায় জয়ের পর সিয়াটলে দেয়া বিজয়ী ভাষণে হিলারি ব্রাসেলসের সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেন।
তিনি বলেন, “আমরা একটি জটিল ও বিপজ্জনক বিশ্বে বাস করছি, তাই আমাদের এমন একজন কমান্ডার ইন চিফ দরকার, যিনি শক্তিশালী, চৌকস এবং যিনি স্থিরভাবে এসব হুমকির মোকাবিলা করতে পারবেন।”
অপরদিকে মঙ্গলবার সকালে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ করতে না দেওয়ার পরিকল্পনা ফের উল্লেখ করে বলেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের নির্যাতন করা উচিত যুক্তরাষ্ট্রের।
