‘আশার ভবিষ্যৎ গড়ে তুলুন’, কিউবানদের ওবামা
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত নজিরবিহীন এক ভাষণে কিউবা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির জনগণের জন্য ‘আশার ভবিষ্যৎ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার গ্রান্ড থিয়েট্রো মঞ্চ থেকে দেওয়া সফরের বিদায়ী ভাষণে ওবামা এসব কথা বলেন। এ সময় কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো সেখানে উপস্থিত ছিলেন বলে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ওবামা বলেন, কয়েক দশকের দ্বন্দ্বের পর তিনি কিউবায় এসেছেন ‘ঠাণ্ডা লড়াইয়ের শেষ অবশিষ্টাংশকে কবর দিতে’।
ভাষণে তিনি প্রেসিডেন্ট রাউলকে উদ্দেশ্য করে বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আসা কোনো হুমকিকে যেমন আপনার ভয় পাওয়ার দরকার নেই, তেমনি কিউবার জনগণের কন্ঠস্বরকেও আপনার ভয় করা উচিত নয়।”
৮৮ বছরের কিউবা সফর করা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ওবামা।
কমিউনিস্ট কিউবায় তিনদিনের ঐতিহাসিক সফরের শেষদিনে দেওয়া এ ভাষণে ওবামা আরো বলেন, “যুক্তরাষ্ট্রের ও কিউবার অতীতকে পেছনে ছেড়ে আসার এটিই সময় এবং এখন বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে এবং পরিবার হিসেবে একত্রে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করার সময়।”
“অতীতের আদর্শিক লড়াইকে পেছনে ছেড়ে এসে নিজেদের যুক্তরাষ্ট্রের বিরোধী হিসেবে না দেখে শুধু কিউবান হিসেবে দেখার জন্য” তিনি কিউবাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “সব রাজনীতির জন্য, জনগণ জনগণই এবং কিউবানরা কিউবান।”
কিউবার রাজধানী হাভানার গ্রান্ড থিয়েট্রো মঞ্চ থেকে ওবামা সফরের বিদায়ী ভাষণ দেওয়ার সময় কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো সেখানে উপস্থিত ছিলেন। ছবি: রয়টার্স
কিউবার রাজধানী হাভানার গ্রান্ড থিয়েট্রো মঞ্চ থেকে সফরের বিদায়ী ভাষণ দেন ওবামা। ছবি: রয়টার্স
ভাষণে ওবামাই কিউবার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫৪ বছরের পুরানো বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। তার এ আহ্বানে প্রবল করতালিতে ফেটে পড়ে গ্রান্ড থিয়েটার হলে উপস্থিত কিউবানরা।
যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের বিকাশে এই নিষেধাজ্ঞা এখন অন্যতম প্রধান বাধা হয়ে আছে। কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কংগ্রেসই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষমতা রাখে।
তিনি জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র দুদেশের পার্থক্যগুলোকে শ্রদ্ধার সঙ্গে দেখবে এবং কমিউনিস্ট শাসিত দেশটিতে কোনো পরিবর্তন জোর করে চাপিয়ে দেবে না।”
পাশাপাশি এও বলেন, তিনি বিশ্বাস করেন কোনো ভয় ছাড়াই নাগরিকদের তাদের মনে কথা বলার মতো মুক্ত পরিবেশ থাকা উচিত এবং অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার বাছাই করতে দেওয়া উচিত।
হাভানার গ্রান্ড থিয়েট্রোতে দেওয়া ওবামার এ ভাষণটি ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের কালো অধ্যায়গুলো দিয়ে শুরু হয়। এরমধ্যে ব্যক্তিগত উপাদান যেমন ছিল তেমনি ঐতিহাসিক অনেক ঘটনারও উল্লেখ ছিল। সবশেষে আশাবাদ দিয়ে ভাষণ শেষ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
তিনি বলেন, “আমি ইতিহাসটি জানি, তবে এর ফাঁদে পড়বো না।”
ভাষণের চূড়ান্ত পর্বে ওবামা কিউবার জনগণকে গণতন্ত্র বেছে নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, “এটি নিখুঁত নয়, তবে এখনও পর্যন্ত এটিই সেরা পদ্ধতি।”
অনেক বিষয়েই কিউবা ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে মতপার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কোনো গোপনীয়তা নেই।
ওবামা স্বীকার করে বলেন, “আমেরিকান পদ্ধতির মধ্যেও বেশ কিছু সমস্যা আছে, অর্থনৈতিক অসাম্য, মৃত্যুদণ্ড এবং বর্ণবাদ।”
তিনি বলেন উল্লিখিতগুলো সমস্যার অল্প কয়েকটি মাত্র এবং রাউল ক্যাস্ত্রোর কাছে ‘আরো লম্বা তালিকা’ আছে।
“কিন্তু উন্মুক্ত বিতর্ক আমাদের আরো ভালোর দিকে এগিয়ে যেতে সহায়তা করে, এসব সমস্যা সমাধানের রাস্তা গণতন্ত্র,” বলেন তিনি।
ভাষণ শেষে ওবামা কিউবার পরিচিত ভিন্নমতাবলম্বীদের একটি দলের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। কিউবা সরকারের বিবেচনায় ওবামার সফর তালিকার এ পর্বটিই ছিল সবচেয়ে বিতর্কিত।
এরপর হাভানার ল্যাটিনোঅ্যামেরিকানো স্টেডিয়ামে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে কিউবার জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের টাম্পা বে রেইস দলের বেইসবল খেলা উপভোগ করে সফর শেষ করেন ওবামা।
খেলা শুরু হওয়ার আগে দুনেতা ব্রাসেলসে চালানো আইএসের হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
