নাইজারের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের জয়
নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসসোফু বিতর্কিত দ্বিতীয় দফা ভোটে বিশাল ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
দেশটির নির্বাচন কমিশনের বরাতে বিবিসি বলছে, রোববারের নির্বাচনে ইসসোফু ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। এই নির্বাচন বিরোধীরা বয়কট করেছিল।
প্রতিদ্বন্দ্বী হামা আমাদু পেয়েছেন ৮ শতাংশ ভোট। গেল সপ্তায় আমাদু জরুরি চিকিৎসার জন্য ফ্রান্সে গেছেন।
সরকারিভাবে মোট ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হলেও বিরোধী জোট কোপা ২০১৬ দাবি করেছে ভোট পড়েছে মাত্র ১১ শতাংশ।
ইতোমধ্যে বিরোধী জোট নির্বাচনের এই ফলাফল গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিয়েছে।
অপরদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ইসসোফু দেশটির সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
গেল মাসে প্রথম দফা ভোটে প্রতিদ্বন্দ্বী আমাদু কারাগার থেকে নির্বাচনে অংশ নেন। তাকে শিশুপাচারের অভিযোগে আটক রাখা হয়। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
দ্বিতীয় দফা ভোট প্রত্যাখ্যানকারী বিরোধীজোটের অভিযোগ তাদের প্রার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং এই ভোটের ফলাফল মেনে নেওয়া হবে না।
সাহার অঞ্চলে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নাইজার পশ্চিমাদের কাছে গুরুত্বপূর্ণ মিত্র।
দেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এসব সম্পদের মধ্যে ইউরেনিয়াম এবং তেলও রয়েছে। অথচ এই দেশটিই পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার উন্নয়ন ইনডেক্সেও দেশটির অবস্থান তলানিতে।
