২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় পরিবর্তন আসবে: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিনদিনের এক ঐতিহাসিক সফরে এক সময়ের প্রবল ‘শত্রুদেশ’ কিউবা পৌঁছে বলেছেন,  তার বিশ্বাস, দেশটিতে পরিবর্তন আসবে। আর নেতা রাউল ক্যাস্ত্রেও তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠকে বসার আগে মার্কিন এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা একথা বলেন।

তবে তিনি বলেন, “এ পরিবর্তন রাতারাতি ঘটবে না।”

কিউবার সঙ্গে মানবাধিকার, নাগরিক স্বাধীনতা এবং একদলীয় শাসব্যবস্থার মতো বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের পার্থক্য আছে- একথা স্বীকার করে ওবামা বলেন, কিন্তু এরপরও দুদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কের কারণে দূতাবাস খুলেছে। ফলে ভবিষ্যতে কিউবায় আরও পরিবর্তন আসবে বলেই বোধ করছেন তিনি।

কিউবায় পদার্পন করেই ওবামা প্রথম যান হাভানায় নতুন করে চালু হওয়া মার্কিন দূতাবাসে। সেখানে দূতাবাসকর্মীদের সঙ্গে দেখা করে ওবামা তার আনন্দময় অনুভূতির কথা জানান।

২০১৪ সালে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চালু হওয়ার পর সোমবার দিনশেষে তৃতীয়বারের মত দ্বিপক্ষীয় আলোচনায় মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন দু’দেশের দুই নেতা। পুরোনো হাভানায় প্যালেস অব রেভল্যুশনে ওবামার সঙ্গে বৈঠক করবেন ক্যাস্ত্রো।

১৯৫৯ সালে কমিউনিস্ট ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে সংঘটিতে বিপ্লবে কিউবার যুক্তরাষ্ট্রপন্থি সরকারের পতন হলে দুদেশের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। এক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রতিবেশী দেশ দুটি। এরপর কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র যা ৫৪ বছর ধরে বলবৎ ছিল।

২০১৪ সালের ডিসেম্বরে ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো বিরোধ অবসানের বিষয়ে একমত হলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।  দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয় এবং টেলিযোগাযোগ ও বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি সই হয়।

এরপর ৮৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের কিউবা সফর এক সময় একটি অকল্পনীয় ব্যাপার ছিল।

ঐতিহাসিক এই সফরে রাউল ক্যাস্ত্রোর সঙ্গে ওবামা বৈঠক করলেও কিউবার সাবেক প্রেসিডেন্ট বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে তার দেখা হচ্ছে না। তাদের দুজনের কোনো সাক্ষাৎপর্ব সফর তালিকায় নেই।