দানবীয় মুখোশ পরায় ...
পাকিস্তানের করাচিতে দানবীয় মুখোশ পরায় ১১ বছরের এক বালককে গুলি করে হত্যা করেছে এক নিরাপত্তারক্ষী।
করাচির ফিরোজাবাদ পুলিশ স্টেশনের কাছে রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আলি হাসান নামের ওই বালক খেলার ছলে প্রহরীকে মুখোশ পরে ভয় দেখাতে গেলে প্রহরী আতঙ্কগ্রস্ত হয়ে তার ওপর গুলি চালায়।
আহত অবস্থায় হাসানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।
ওই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বালকটির পরিবারের সদস্যরাসহ স্থানীয় অধিবাসীরা।
