ইস্তাম্বুলে হামলার পর তুরস্কে উচ্চ সতর্কতা
তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলার পর দেশ জুড়ে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
নওরোজ উৎসব বা নতুন ফারসি বছর শুরু উপলক্ষ্যে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবটি মূলত কুর্দিরা উদযাপন করে।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের দূতাবাস থেকে তাদের নাগরিকদের এ উৎসব চলাকালে সজাগ থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
১৯৯০ সালের সংঘর্ষের পর নওরোজ উৎসবে প্রায়ই তুরস্কের নিরাপত্তাবাহিনী ও কুর্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উৎসবটি উপলক্ষ্যে পিকেকে-র পক্ষ থেকে এক বিবৃতিতে কুর্দি জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশপাশি তরুণ কুর্দিদের তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার ইস্তাম্বুলের একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী হামলায় ইসরায়েলের তিনজন এবং ইরানের এক নাগরিকের মৃত্যু হয়।
হামলায় আরও ৩৬ জন আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলায় তিন ইসরায়েলির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইসরায়েল জানায়, তাদের মধ্যে দুইজন ইসরায়েলি আমেরিকান ছিলেন।
এ হামলার লক্ষ্য ইসরায়েলিরা ছিল কিনা যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “আইএসআইএস এ হামলা চালিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। যদিও সেটা একদমই প্রাথমিক তথ্য; আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছি।”
এখন পর্যন্ত শনিবারের হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) বা ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তুরস্কের কর্মকর্তরা।
শনিবারের বোমা হামলা ছিল এবছর তুরস্কে চতুর্থবারের মত বোমা হামলার ঘটনা। এ সমস্ত হামলা ৮০ জনের বেশি নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
এর মধ্যে রাজধানী আঙ্কারায় পরপর দুইটি বোমা হামলার দায় স্বীকার করেছে পিকেকে।
