২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় ঐতিহাসিক সফরে ওবামা

দুইদিনের  ঐতিহাসিক সফরে কিউবা গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 03:31 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

রোববার বিকালে কিউবার রাজধানী হাভানার আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পনের সঙ্গে সঙ্গেই তার আগমনকে লাল গালিচায় ঊষ্ণ সংবর্ধনা জানানোর পাশাপাশি সব সমালোচনা খোলামনে শুনতে প্রস্তুত বলে জানিয়েছে কিউবা।

এক সময়ের শত্রু রাষ্ট্রটিতে ওবামার এই সফর একটি সাহসী পদক্ষেপ। ওবামার এ সফর নিয়ে কিউবাবাসীদের মধ্যেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

গত ৮৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের কিউবা সফর এক সময় একটি অচিন্তনীয় ব্যাপার ছিল।

কিন্তু ২০১৪ সালের ডিসেম্বরে ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো বিরোধ অবসানের বিষয়ে একমত হলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ১৯৫৯ সালে কিউবার বিপ্লবে দেশটির যুক্তরাষ্ট্রপন্থি সরকারের পতন হলে দুদেশের মধ্যে শত্রুতা শুরু হয়।

ওবামার সফর উপলক্ষ্যে কিউবার রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ হাভানাকে নিরপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে। সরকারি কর্মচারীরা তৎপরতার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ করেছেন।

হাভানা শহরের পুরনো অংশে প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট ক্যাস্ত্রোর ছবি পাশাপাশি ছেপে, স্বাগত জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে। রোববার হাভানার এই পুরনো অংশেই যাওয়ার কথা ওবামার।

সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দেশদুটি সম্মত হওয়ার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং টেলিযোগাযোগ ও বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া আইন প্রয়োগ ও পরিবেশ রক্ষার বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে দেশদু’টি সম্মত হয়েছে।

৪৩ বছর বয়সী কিউবান স্কুল শিক্ষক এলেনা গনজালেজ বলেন, “কিউবার সঙ্গে সম্পর্ক করার আগ্রহ দেখাতে ওবামাকে সাহসী হতে হয়েছে।”

তবে দুই বৈরি দেশে নতুন সম্পর্কে জড়ালেও এখনও দেশদুটির মধ্যে বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। এসবের মধ্যে কিউবার ওপর আরোপ করে রাখা যুক্তরাষ্ট্রের ৫৪ বছরের পুরনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্যতম।