২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ কোরিয়ার

জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা  চালিয়েছে উত্তর কোরিয়া। এক মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 08:14 PM

Updated : 25 Jul 2022, 09:22 PM

তিনি বলেন, দুটো ক্ষেপণাস্ত্রই মাঝারি পাল্লার রডং ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

কয়েকদফা রকেট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়া ফের এ পরীক্ষা চালাল।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পূর্ব উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপ করা অন্তত একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে প্রায় ৮০০ কিলোমিটার দূরে উড়ে ঘিয়ে বিস্ফোরিত হয়।

শুক্রবার ভোরে রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তর থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় এবং সেটি কোরিয়া উপদ্বীপের উপর দিয়ে আড়াআড়িভাবে উড়ে গিয়ে সমুদ্রে পড়ে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার প্রতিবেদনেও বলা হয়, খুব সম্ভবত ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার রডং ক্ষেপণাস্ত্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যদি ইয়োনহাপের তথ্য সঠিক হলে ২০১৪ সালের পর এই প্রথম আবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, যা জাপানে আঘাত হানতে সক্ষম।

জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার উপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। যদিও দেশটি ওই নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না এবং একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

এ সপ্তাহে উত্তর কোরিয়ার উপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জাপান উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।

সংসদে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, “জাপান আত্মসংযম ধরে রেখে উত্তর কোরিয়াকে এ ধরনের পরীক্ষা চালানোর জোর দাবি জানাচ্ছে। সেই সঙ্গে আমরা যেকোনো পরিস্থিতির জবাব দিতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবো।”

গত সপ্তাহেও সমুদ্রে স্বল্প-পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

ওই সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশ আরও পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ঘোষণা দিয়েছিলেন।