সৌদি আরবে নারী পরিচালিত বিমান অবতরণ
রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের প্রথম নারী চালিত বিমান নেমেছে সৌদি আরবে। দক্ষতার সঙ্গে বিমানটিকে নির্দিষ্ট লক্ষ্যে উড়িয়ে নিয়ে গেছেন একজন নারী পাইলট। ককপিটে থাকা তার বাকি দুই সহকারী পাইলটও নারী।
বিমানটির গন্তব্য ছিল সৌদি আরব। যেখানে নারীদের গাড়ি চালানোই নিষিদ্ধ। সেই দেশে সম্পূর্ণ নারী চালিত বিমান অবতরণ করিয়ে রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স ইতিহাস সৃষ্টি করেছে।
পাইলট থেকে শুরু করে ক্রুসহ একদল নারী নিয়ে মঙ্গলবার জেদ্দার মাটিতে নামে বিমানটি।
ব্রুনাইয়ের জাতীয় দিবস (স্বাধীনতা দিবস) উদযাপনের অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান নিয়ে তিন নারী পাইলট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রা শুরু করেন। এরই আওতায় ব্রুনাই থেকে সৌদি আরবের জেদ্দায় যান তারা।
১৯৮৪ সাল থেকে ২৩ ফেব্রুয়ারি জাতীয় দিবস পালন করে আসছে ব্রুনাই।
বিমানটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন শরিফাহ জারেনা। তার দুই সহকারী ছিলেন সিনিয়র ফার্স্ট অফিসার সারিয়ানা নরদিন এবং ডিকে নাদিয়াহ পিজি কাশিম।
ক্যাপ্টেন জারেনা যুক্তরাজ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
২০১২ সালে দক্ষিণপূর্ব এশিয়ার কোনও দেশের রাষ্ট্র পরিচালিত বিমান কোম্পানির প্রথম নারী ক্যাপ্টেন হয়ে তিনি ইতিহাস রচনা করেন।
ক্যাপ্টেন শরিফাহ জারেনা। ছবি: ব্রুনাই এয়ারলাইন্স
তবে ব্রুনাইয়ের প্রথম নারী পাইলট হলেন নরদিন। ২০০৬ সাল থেকে তিনি রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের সহকারী পাইলট হিসেবে কাজ করছেন।
বৈমানিকের পেশায় আসার কারণ সম্পর্কে তিনি ২০১২ সালে ‘ব্রুনাই টাইমস’কে বলেছিলেন, “একজন পাইলট হিসেবে সাধারণত মানুষজন দেখে এসেছে এটি একটি পুরুষ প্রধান পেশা।”
“একজন নারী হিসেবে, ব্রুনাইয়ের একজন নারী হিসেবে এটি দারুণ অর্জন। তরুণ প্রজন্ম অথবা বিশেষ করে ওই সব নারী যারা বৈমানিক হওয়ার স্বপ্ন দেখে তাদের সত্যিই এটা পথ দেখাবে যে, তারা তাদের স্বপ্নকে সত্যি করতে সক্ষম।”
রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, তারা নারীদের বৈমানিকের পেশায় আসার জন্য সক্রিয়াভাবে উৎসাহিত করে যাচ্ছে।
