নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ২২
নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুই নারী মাইদুগুরি শহরের একটি মসজিদে এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, প্রথমে মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্কিত মুসল্লিরা যখন হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসছিল তখন দ্বিতীয় নারী ভিড়ের মধ্যে নিজেকে উড়িয়ে দেয়।
এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার উমরারি মসজিদের প্রধান ইমাম বিবিসি’কে বলেন, ফজরের জামাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে এ হামলা চালানো হয়।
“বিস্ফোরণের প্রচণ্ড শব্দের প্রভাবে আমি এখন কানে ভাল শুনতে পাচ্ছি না।”
মাইদুগুরি থেকেই ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের জন্ম।
২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বোকো হারামের হামলায় অন্তত ২০ হাজার মানুষের প্রাণ গেছে।
গত বছর নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বোকো হারাম জঙ্গিদের হটিয়ে দিতে সেনা অভিযান চালানো হয়।
কিন্তু তারপরও নাইজেরিয়া ও প্রতিবেশী দেশ ক্যামেরুনে তাদের আত্মঘাতী হামলা অব্যাহত আছে।
