জিম্বাবুয়েতে বনরক্ষীদের গুলিতে ইতালিয়ান বাবা-ছেলে নিহত
জিম্বাবুয়েতে চোরাশিকারীদের বিরুদ্ধে টহল দেওয়া বনরক্ষীদের গুলিতে ইতালিয়ান বাবা ও ছেলে নিহত হয়েছেন।
পরিচয় শনাক্তে ভুল হওয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
ক্লদিও এবং ম্যাসমিলানো চেয়ারেল্লি রোববার বনরক্ষীদের গুলিতে মানা পুল ন্যাশনাল পার্কে নিহত হন।
বাবা ও ছেলে উভয়েই চোরাশিকারীদের বিরুদ্ধে কর্মরত একটি দলের হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন। তাদের বহনকারী গাড়ির একটি ত্রুটি মেরামতের সময় বনরক্ষীরা গুলি চালান বলে জানা গেছে।
ক্লদিও চেয়ারেল্লি একজন পেশাদার শিকারী ছিলেন। তিনি ইউরোপীয় পর্যটকদের সঙ্গে কাজ করতেন।
ইতালির পাদুয়া শহরে জন্মগ্রহণকারী ক্লদিও চেয়ারেল্লি ৩০ বছরের বেশি সময় ধরে জিম্বাবুয়েতে বসবাস করছিলেন। এখানেই তার ছেলে ম্যাসমিলানোর জন্ম হয়।
জিম্বাবুয়ের সাফারি পরিচালনাকারী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইমানুয়েল ফানদিরাম বিবিসিকে বলেন, “এই মৃত্যু শুধু তার পরিবারের জন্যই নয় জিম্বাবুয়ের শিকারী সম্প্রদায়ের জন্যও বিশাল ক্ষতি।”
মানা পুল পার্ক কর্তৃপক্ষ এই গুলি চালানোকে ‘দুর্ঘটনা’ বলে এক বিবৃতিতে দাবি করেছে।
এই ঘটনার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই মানা পুল পার্ক চোরাশিকারীদের অন্যতম লক্ষ্য। হাতির মূল্যবান দাঁতের জন্য চোরাশিকারীরা এখানে হাতি হত্যা করে থাকে।
