৪ সেপ্টেম্বর ‘সন্ত’ ঘোষিত হচ্ছেন মাদার তেরেসা
জনহিতৈষী মাদার তেরেসাকে আগামী ৪ সেপ্টেম্বরে ‘সন্ত’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
সন্ত হওয়ার পথে সর্বশেষ বাধা দূর হওয়ায় প্রয়াত তেরেসাকে এ উপাধি দেওয়া হচ্ছে।
‘সন্ত'ঘোষিত হওয়ার জন্য মাদার তেরেসার দ্বিতীয় একটি আশ্চর্যজনক ঘটনার প্রয়োজন ছিল।গত বছর তেরেসার দ্বিতীয় একটি অলৌকিক ঘটনার স্বীকৃতি দিয়ে পোপ তাকে সন্ত ঘোষণার পথে শেষ বাধাটি দূর করেন।
রোমান ক্যাথলিক নান মাদার তেরেসা ভারতের কলকাতায় গরিবদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন।কিন্তু তাকে সন্ত ঘোষণার অনুষ্ঠানটি ভারতে হচ্ছে না।বরং ভ্যাটিকানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই তেরেসাকে এ উপাধিতে ভূষিত করা হবে।
শান্তিতে নোবেল জয়ী এ মানবতাবাদী নারী ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মারা যান। ২০০৩ সালে প্রয়াত পোপ দ্বিতীয় জন পল তেরেসার প্রথম অলৌকিক ঘটনার স্বীকৃতি দেন, যা ছিল তার সন্ত হওয়ার পথে প্রথম ধাপ।
পরবর্তীতে ভ্যাটিকান থেকে এক বিবৃতিতে বলা হয়, মাদার তেরেসা দ্বিতীয় আরেকটি অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার কারণে তাকে সন্ত ঘোষণা করা হচ্ছে।
মাদার তেরেসা প্রতিষ্ঠিত কলকাতাভিত্তিক দাতব্য সংস্থার মুখপাত্র সুনিতা কুমার তেরেসার সন্ত স্বীকৃতি পেতে চলার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
