২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে গাড়ি বিস্ফোরণে চালক নিহত

জার্মানির রাজধানী বার্লিনে একটি গাড়ি বিস্ফোরিত হয়ে চালক নিহত হয়েছে। বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 08:01 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বার্লিনের পশ্চিমের শারলটেনবুর্গ শহরতলীতে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে৷ গাড়িটি সেন্টারের দিকে যাচ্ছিল।

বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণটি ঘটেছে এমন ধারণার ভিত্তিতে তদন্ত শুরু  হয়েছে বলে জানিয়েছেন বার্লিন পুলিশের মুখপাত্র কার্স্টেন ম্যুলার।

বার্লিন পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। পরবর্তী বিস্ফোরণের আশঙ্কায় আশেপাশের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই গাড়ি চালক নিহত হন। এ ঘটনাকে হত্যাকাণ্ড বিবেচনা করে তদন্ত করছে পুলিশ।

বিবিসি’র খবরে বলা হয়, নিহত গাড়ি চালকের বয়স ৪৩ এবং তিনি বিদেশি বংশোদ্ভূত।

পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটনো হয়েছে বলে পুলিশ ধারণা করলেও এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ এখনও পাওয়া যায়নি।